‘পরিস্থিতির কারণে লংমার্চ স্থগিত হয়েছে’
কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগের প্রতিবাদে রামপাল অভিমুখী লং মার্চ কর্মসূচি স্থগিত করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
শনিবার পল্টনের মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে কমিটির আহবায়ক আনু মুহাম্মদ বলেন, “আপনারা সবাই দেশের বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে অবহিত আছেন। তাই রামপাল অভিমুখে আজকের লংমার্চ কর্সসূচি স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।”
শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বাগেরহাটের রামপালে প্রায় ১৩০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রকল্প নেয়া হয়েছে।
আনু মুহাম্মদ বলেন, “সুন্দরবনকে ধ্বংস করে, বেআইনি, অস্বচ্ছ ও জবরদস্তিমূলক প্রক্রিয়ায় দেশের স্বার্থবিরোধী এই প্রকল্প আমরা কোনোভাবেই মানতে পারি না। কেননা এই প্রকল্প বাস্তবায়ন হলে ভারতীয় কোম্পানির প্রচুর লাভ হবে, কিন্তু আমাদের সর্বশেষ প্রাকৃতিক প্রতিরক্ষাবর্ম ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ধ্বংস হবে।”
“তাই এর বিরুদ্ধে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ আরও বিস্তৃত করতে দেশবাসীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।”
সম্প্রতি ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা খনির পক্ষে মতামত তুলে ধরায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমালোচনা করেন আনু মুহাম্মদ।
তিনি বলেন, সরকার বিশেষজ্ঞ কমিটির মতামত অনুযায়ী সিদ্ধান্ত নেবে বললেও তাদের মত উপেক্ষা করে অর্থমন্ত্রী উন্মুক্ত খনির পক্ষে ওকালতি করে আসছেন।
আগামী ২৯ মার্চের মধ্যে এশিয়া এনার্জিকে বহিস্কারসহ ‘ফুলবাড়ী চুক্তির’ পূর্ণ বাস্তবায়নের দাবি জানান তিনি।
