সিরাজগঞ্জে আসামি ছিনতাই, আহত ৬ পুলিশ
সিরাজগঞ্জে পুলিশ সদস্যদের কুপিয়ে আহত করে ছিনতাই মামলার আসামি ছিনিয়ে নিয়ে গেছে গ্রামবাসী।
শুক্রবার রাতে সদর উপজেলার কান্দাপাড়া গ্রামে গাজীপুরের শ্রীপুর থানা ও সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ট্রাক ছিনতাই মামলার আসামি ধরতে যৌথ অভিযান চালায়। ওই সময় হামলা করে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে।
এ সময় প্রায় দুই শতাধিক গ্রামবাসী আসামি বহনকারী পুলিশের মাইক্রোবাসে হামলা চালায় বলে জানান সদর থানার ওসি রফিকুল ইসলাম খান।
হামলায় মাইক্রোবাসের চালকসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত এক পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শ্রীপুর থানার এসআই গোলাম হায়দার বাদি হয়ে রাতেই সিরাজগঞ্জ সদর থানায় ১২ জনের নাম উল্লেখসহ দুই শতাধিক লোকের বিরুদ্ধে মামলা করেছেন।
ওসি রফিকুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরো বলেন, গত ৪ মার্চ গাজীপুরের শ্রীপুর থানায় দায়ের হওয়া একটি ট্রাক ছিনতাই মামলার সন্দেহভাজন আসামি আনছার আলীকে গ্রেপ্তার করতে শুক্রবার রাতে কয়েকজন পুলিশ সদস্যসহ সিরাজগঞ্জ সদর থানায় আসেন শ্রীপুর থানার এসআই গোলাম হায়দার।
রাত ১২টার দিকে সদর থানার কয়েকজন পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযানে কান্দাপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে আনছার আলীকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ।
এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে স্থানীয় ইউপি সদস্য হাজী রেজার নেতৃত্বে প্রায় দুই শতাধিক লোক পুলিশের পিকআপ ও মাইক্রোবাসে হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়।
হামলায় আহত হন, মাইক্রোবাস চালক নুরুল ইসলাম, এসআই গোলাম কিবরিয়া, এএসআই সরোয়ার, কনস্টেবল বোরহান আব্দুল আউয়াল, সদর থানার এসআই জুয়েল ও কনস্টেবল আব্দুল আলিম।
খবর পেয়ে সদর থানার অতিরিক্ত পুলিশ আহতদের উদ্ধার করে।
