ইসলামের ভাবমূর্তি নষ্ট করছে জামায়াত: ইসলামী ঐক্যজোট
হত্যা, সহিংসতা ও বর্বরতা চালিয়ে জামায়াত-শিবির ইসলামের ভাবমূর্তি নষ্ট করছে বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মিজবাহুর রহমান।
শনিবার বিকালে চট্টগ্রামের লালদিঘী মাঠে জামাত-শিবিরের সন্ত্রাস সাম্প্রদায়িকতা ও নৈরাজ্যবিরোধী সামাজিক প্রতিরোধ কমিটির সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান বলেন, “সহিষ্ণুতা, ভালোবাসা, উদারতা হল ইসলাম। বর্বরতা-নিষ্ঠুরতা-সহিংসতা-হত্যা ইসলাম নয়।”
স্বাধীনতার বিরোধিতা করার জন্য জামায়াতে ইসলামীর জন্ম হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ১৯৪১ সালে ভারতের হায়দরাবাদে এ সংগঠনটি জন্ম নেয়ার পর ভারতের স্বাধীনতার বিরোধিতা করে। একইভাবে পাকিস্তান রাষ্ট্র গঠনের পরও তারা স্বাধীনতা ও গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।
“১৯৭১ সালে আলবদর বাহিনী গঠন করে জামায়াত-শিবির স্বাধীনতার বিরোধিতা করেছিল।”
মাওলানা মিজবাহুর বলেন, “এমন এক দিন আসবে যেদিন জামায়াত-শিবিরের কর্মীরা তওবা করে দলত্যাগ করবে। আমরা সেদিনের অপেক্ষায় থাকলাম।”
সমাবেশে বক্তারা বলেন, জামায়াত-শিবির রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। রাষ্ট্রের বিরুদ্ধে গেলে কোনো দলের রাজনীতি করার অধিকার থাকে না। যারা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে এবং একাত্তরের মতো সংখ্যালঘু নির্যাতন করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।
সমাবেশ থেকে জামায়াত-শিবির নিষিদ্ধেরও দাবি তোলা হয়।
সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, যুদ্ধাপরাধের বিচার কার্যক্রমকে নস্যাৎ করতে জামায়াত-শিবির মাঠে নেমেছে। তারা একাত্তরের মত খুন-রাহাজানি করছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।
“হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি হতে হবে। নতুন প্রজন্মের সঙ্গে ঐক্যবদ্ধভাবে আমরা মাঠে থাকব।”
সমাবেশে অন্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সভাপতিমণ্ডলির সদস্য শাহ আলম ও জেলা সভাপতি মৃণাল চৌধুরী, ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক আবু হানিফ, ন্যাপ নেতা আলী আহমদ নাজির, গণফোরাম নেতা জানে আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবউদ্দিন, চট্টগ্রাম মহানগর পিপি কামাল উদ্দিন, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের প্রমুখ বক্তব্য দেন।
