নীলফামারীতে ব্যাংক কর্মকর্তা অপহরণ
রংপুর থেকে আনসার ভিডিপি ব্যাংকের এক কর্মকর্তাকে অপহরণের পর মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে রংপুর শহরের মডার্ন মোড় থেকে ফজলার রহমান ফকিরকে অপহরণ করা হয়। তিনি ব্যাংকটির বগুড়া শাখায় কর্মরত রয়েছেন।
ফজলার রহমান নীলফামারী সদরের ইটাখোলা সিংদই ফকিরপাড়ার মনসুর আলী ফকিরের ছেলে।
বৃহস্পতিবার তার পরিবারের কাছে ফোন করে অপহরণকারীরা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরদিন (শুক্রবার) আবার ফোন করে আট লাখ টাকা চায়।
শনিবারের মধ্যে আট লাখ টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়েছে বলে জানান তার পরিবারের সদস্যরা।
রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুল লতিফ মিয়া বলেন, এ ব্যাপারে শনিবার সকালে ফজলার রহমানের ভাই আল ফারুক ফকির বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি আরো বলেন, বাড়ি আসার জন্য বগুড়া থেকে লোকাল বাসে রংপুর মডার্ন মোড়ে নামেন ফজলার। সেখানে বাস না পেয়ে একটি মাইক্রোবাস ভাড়া নেন। এ মাইক্রোবাসে আগে থেকে অবস্থান নেয় অপহরণকারীরা তাকে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।
তাকে উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
