চট্টগ্রামে ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে চট্টগ্রামে এক জুতা ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত মোহাম্মদ পেয়ারুল ইসলাম (২৫) সাতকানিয়া উপজেলার ইছামতী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। নগরীর তামাকুমণ্ডি লেইনে প্রফেসর মার্কেটে তার একটি দোকান আছে।
তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির সভাপতি আবদুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকাল সোয়া ছয়টার দিকে চামড়ার গুদাম এলাকা দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা পেয়ারুলের পায়ে ছুরিকাঘাত করলে তিনি মারাত্মক আহত হন। ওই অবস্থায়ই তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু ব্যাপক রক্তক্ষরণের কারণে কিছুদূর যাওয়ার পর তিনি রাস্তায় পড়ে যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল আমিনুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন ও পুলিশ পেয়ারুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়।
