ভবন থেকে পড়ে ‘জামায়াত কর্মীর’ মৃত্যু
রাজধানীর পুরানা পল্টনে জামায়াত-শিবির কর্মীদের মিছিল থেকে বোমা বিস্ফোরণের পর পুলিশের ধাওয়ায় পালানোর সময় একটি ভবন থেকে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে।
নিহতের পরিচয় জানাতে না পারলেও পুলিশের ধারণা, তিনি একজন জামায়াত কর্মী।
পুরানা পল্টনের ২৯/১ নম্বর হোল্ডিংয়ে ভবনটির সপ্তম তলায় সাবেক ওয়ার্ড কমিশনার ও জামায়াত নেতা আব্দুর রবের একটি ফ্ল্যাট রয়েছে। তবে বাসাটি তালাবন্ধ ছিল বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর ওই ভবনে তল্লাশি চালিয়ে পুলিশ ২৩ জনকে আটক করেছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে ভবনের দারোয়ানসহ চারজনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক আশিক হোসেন ঘটনাস্থল থেকে জানান, জুমার নামাজের পরপরই পুরানা পল্টন কালভার্ট রোডে একটি বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা।
এ সময় সেখানে হাতবোমা বিস্ফোরিত হলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটকও করা হয়।
পুলিশের ধাওয়া খেয়ে মিছিলের কর্মীরা আশেপাশের বিভিন্ন গলিতে ঢুকে পড়ে। এ সময় পল্টনের ২৯/১ নম্বর বাড়ির ভেতরেও কয়েকজনকে ঢুকতে দেখেন লিফটম্যান রফিকুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গণ্ডোগোলের মধ্যে বাসার লোকজনের সঙ্গে বাইরের কয়েকজন লোকও ঢুকে পড়ে। এর পরপরই ওপর থেকে ভারি কিছু পড়ার শব্দ পেয়ে বাইরে যাই। দেখি এক লোক পড়ে আছে।”
আশেপাশের বাড়ির বাসিন্দারা জানান, নয়তলার ওপর থেকে ভবনের নিচের দিকে দোতলার সংযোজক করিডরে পড়ে যায় ওই তরুণ। এরপর পুলিশ এসে তাকে হাসপাতালে পাঠায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহত ওই তরুণকে জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে বিকাল সাড়ে ৩টা থেকে সোয়া ৪টা পর্যন্ত ওই ভবনে তল্লাশি চালায় পুলিশ।
তল্লাশি শেষে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, তল্লাশির আগে ও পরে ওই ভবন এবং আশ-পাশ থেকে মোট ২৩ জনকে আটক করা হয়, যাদের সবাই জামায়াত-শিবির কর্মী, কেউ ওই ভবনের বাসিন্দা নয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভবনের দারোয়ান, লিফটম্যান ও সুইপারসহ চারজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
জামায়াত নেতা আব্দুর রব সম্পর্কে তিনি বলেন, “তিনি ওই ভবনের সাত তলার ‘বি’ ফ্ল্যাটে থাকেন। আমরা দীর্ঘদিন ধরে তাকে খুঁজছি। তার নামে ওয়ারেন্ট আছে। তল্লাশির সময় তার বাসা তালাবন্ধ পাওয়া গেছে।”
এই পুলিশ কর্মকর্তা জানান, জুমার নামাজের পর জামায়াত-শিবিরের নাশকতা সৃষ্টি করতে পারে- এমন খবর পেয়ে পুলিশ আগে থেকেই প্রস্তুত ছিল।
নিহত যুবক সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সে বহিরাগত, এই বাসার কেউ না। হয় তাকে কেউ ধাক্কা দিয়েছে, অথবা ভবনের বাইরে দিয়ে এক ইউনিট থেকে অন্য ইউনিটে যাওয়ার সময় ছাদের প্লাস্টিকের শেড ভেঙে পড়ে যায়।”
