২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে পিকেটারদের হামলায় চালক নিহত

বাগেরহাটে বিএনপি-জামায়াতের হরতাল চলাকালে পিকেটারদের হামলায় এক টেম্পোচালক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 04:31 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পিকেটাররা বাগেরহাট-খুলনা মহাসড়কের বকুলতলায় দুটি টেম্পো ভাংচুর চালায় বলে পুলিশ জানায়।

ওই সময় আহত টেম্পোচালক বাবুল হাওলাদারকে (২৪) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রাত ৮টার দিকে বকুল মারা যান বলে জানিয়েছেন সদর মডেল থানার পরিদর্শক আবু জিহাদ ফখরুল আলম খান।

নিহত ওই চালক সদর উপজেলার খানপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর গ্রামের ইয়াকিন হাওলাদারের ছেলে।

সকালে জামায়াত-বিএনপির কর্মীরা ঢাকা-মাওয়া মহাসড়কের কাঁঠালতলা মোড়, শ্যামবাগান ও কাটাখালী মোড়ে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে বাধা দেয়।

বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম বলেন, দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলায় পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ।

এদিকে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল শহরে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করেছে।

সকাল সোয়া ১১টায় শহরের রেল রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়।