চট্টগ্রাম গণজাগরণ মঞ্চে ছাত্রনেতারা
চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ থেকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি ও দেশব্যাপী জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গণজাগরণ মঞ্চে এক ছাত্রসমাবেশে এ দাবি জানানো হয়।
এতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শ্রেণী-পেশার মানুষও সংহতি জানান।
সমাবেশে ছাত্রনেতারা দেশব্যাপী তরুণ প্রজন্মের গড়ে তোলা নতুন ধারার আন্দোলন সফল করার আহ্বান জানান।
সমাবেশে চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রবিউল হোসেন বলেন, “জামায়াত ধর্মের নামে মানুষের সাথে মিথ্যা কথা বলে। সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তাদের রুখতে হবে।”
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নগর সভাপতি আল কাদেরী জয় বলেন, “আজকে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লড়াই করছি। যুদ্ধাপরাধীদের অবশ্যই ফাঁসি দিতে হবে। একইসঙ্গে জামায়াত-শিবিরের রাজনীতিও নিষিদ্ধ করতে হবে।”
নগর ছাত্রলীগ নেতা রাকিবুল আলম বলেন, “এখনি জামায়াত-শিবিরের বিরুদ্ধে লড়াই করার সময়। আমরা ঐক্যবদ্ধভাবে এ লড়াইয়ে তাদের প্রতিহত করবো।”
জেলা ছাত্রমৈত্রী সভাপতি ফারুক আহমেদ রুবেল বলেন, “ ‘জামায়াত-শিবির যুদ্ধাপরাধীদের বাচাঁতে দেশব্যাপী তাণ্ডব চালাচ্ছে। আমরা তরুণেরাই এসব অপকর্ম প্রতিহত করবো। সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”
নগর ছাত্র ফেডারেশন সভাপতি শ্বাশ্বতী তুলি বলেন, “আমাদের যুদ্ধ কোনো ধর্মের বিরুদ্ধে নয়। এ যুদ্ধ রাজাকার ও তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে। এ লড়াইয়ে আমরা বিজয়ী হবই।”
সমাবেশ অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি তৌহিদ টিপু, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ রাসেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএম আরিফুল ইসলাম, নগর ছাত্রলীগ নেতা ইয়াসির আরাফাত, জেলা ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক আশিষ ভৌমিক, নগর ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক বিজয় বিপ্লব দাশ।
