৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম আ.লীগের আলোচনা
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ বৃহস্পতিবার এক আলোচনা সভার আয়োজন করে।
১৯৭১ সালের এই দিনে তখনকার রেসকোর্স ময়দানের জনসভা থেকে স্বাধীনতা সংগ্রামের ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বিকালে নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলনয়াতনে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ড. অনুপম সেন।
তিনি বলেন, “৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষণ ছিল স্বাধীনতার পরিপূর্ণ নিদের্শনা।
নতুন প্রজন্ম একাত্তরের ঘাতক ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যে গণজাগরণ সৃষ্টি করেছে, তা যাতে বিফলে না যায় সেজন্য আমাদের সকলকে তাদের পাশে থাকতে হবে।”
সভাপতির বক্তব্যে এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, “একাত্তরে জীবন বাজী রেখে যুদ্ধ করে স্বাধীনতাকে ছিনিয়ে এনেছি। এখনও নতুন প্রজন্মকে সাথে নিয়ে যুদ্ধের জন্য রাজপথে আছি।”
যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার করেন তিনি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম সুজন, ন্যাপের চট্টগ্রাম নগর সাধারণ সম্পাদক আরী আহমদ নাজীর, নগর আওয়ামী লীগের নেতা ও ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম দোভাষ, মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতেয়ার উদ্দিন খান প্রমুখ।
আলোচনা সভার শুরুতে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবদুল জলিল এমপির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
