রাজীব হত্যা: আলামত, আসামিদের ডিএনএ পরীক্ষার নির্দেশ
গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যায় জড়িত অভিযোগে গ্রেপ্তার পাঁচ শিক্ষার্থীর ও তাদের কাছ থেকে জব্দ করা আলামতের ডিএনএ পরীক্ষা অবিলম্বে করতে বলেছে হাই কোর্ট।
বৃহস্পতিবার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক উপ-কমিশনারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ এ আদেশ দেয়।
এদিন দৈনিক প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনে ডিবির উপ-কমিশনার মোল্যা নজরুল ইসলামের উদ্বৃতি দিয়ে বলা হয়, ‘ডিএনএ প্রতিবেদন পাওয়া গেলে এ চুল সন্দেহভাজন খুনিদের কি না, তা নিশ্চিত হওয়া যাবে। রিমান্ডে থাকা তরুণেরা ডিবিকে বলেছে, ওই চুল তাদের কারো নয়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে রাজীবের চুলই কেটে মুঠোতে পড়েছে’।
উপকমিশনার বলেন, ‘প্রয়োজনে রিমান্ডের পাঁচ আসামিরও ডিএনএ পরীক্ষা করা হবে’।
আদালত পুলিশ কর্মকর্তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেছে, ‘প্রয়োজন মানে কী? অবশ্যই আটক আসামিদের ডিএনএ পরীক্ষা করতে হবে। জব্দ অন্য আলামতেরও ডিএনএ পরীক্ষা করতে হবে’।
দেরি না করে দ্রুত ডিএনএ পরীক্ষা করার বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়ে দিতে আদালতে উপস্থিত সহকারি অ্যাটর্নি জেনারেল মিয়া সিরাজুল ইসলামকে বলা হয়।
পরে যোগাযোগ করা হলে মিয়া সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ কর্মকর্তার এই বক্তব্যের প্রেক্ষিতে আদালত বলেছে, ‘প্রয়োজনে কেন? অবশ্যই ডিএনএ টেস্ট করতে হবে’।
তিনি জানান, ছোরাসহ জব্দ করা সব আলামতেরও ডিএনএ পরীক্ষা করতে বলেছে আদালত। ইতিমধ্যেই বিষয়টি ওই পুলিশ কর্মকর্তাকে জানিয়ে দেয়া হয়েছে।
গ্রেপ্তার পাঁচজনই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা রাজীব হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়ার কথা পুরিশের কাছে স্বীকার করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফয়সাল বিন নাইম ওরফে দীপ (২২), মাকসুদুল হাসান অনিক (২৬), এহসান রেজা রুম্মান (২৩), নাঈম সিকদার ইরাদ (১৯) ও নাফিস ইমতিয়াজ (২২)। তারা সবাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে পড়েন।
এদের দুজন ছুরি ও চাপাতি নিয়ে সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় বলে পুলিশ জানিয়েছে। বাকি তিনজন ছিলেন আশপাশেই।
তাদের কাছ থেকে দুটি চাপাতি, চারটি চাকু, একটি বাই সাইকেল, এক জোড়া কেডস, সাতটি বিভিন্ন ধরণের মোবাইল ফোনসেট এবং একটি স্কুল ব্যাগ উদ্ধার করে পুলিশ।
বুধবার বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সন্ত্রাসী উৎপাদন ক্ষেত্র কিনা, পত্রিকায় প্রকাশিত এমন খবরের সত্যতা যাচাইয়ে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করে একই বেঞ্চ।
কাদের মোল্লাসহ অন্য যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরুর ১০ দিনের মাথায় গত ১৫ ফেব্রুয়ারি ওই আন্দোলনের কর্মী স্থপতি ব্লগার রাজীব খুন হন রাজধানীর মিরপুরের নিজ বাসার সামনে। তাকে সেখানে কুপিয়ে হত্যা করা হয়।
রাজীব ব্লগে লেখালেখি করতেন। যুদ্ধাপরাধের বিচার নিয়ে লেখালেখির কারণেই জামায়াত-শিবির রাজীবকে হত্যা করেছে বলে তার সহযোদ্ধা ও স্বজনদের অভিযোগ।
রাজীব হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা মামলা করেছেন, ডিবি তা তদন্ত করছে।
রাজীবের লাশের পাশে থাকা ল্যাপটপে রক্তের ছোপ ছিল এবং হাতে লেগে ছিল কিছু চুল। ধারণা করা হচ্ছে, ওই চুল হত্যাকারীর।
জমে থাকা ওই রক্ত এবং চুলের ডিএনএ পরীক্ষার আদেশ দিয়েছে আদালত। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধানকে ওই দুটি আলামতের ডিএনএ পরীক্ষার পর তা তদন্ত কর্মকর্তাকে দিতে বলা হয়েছে।
