২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৭ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র

রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত পাঁচ শিক্ষকের ওপর এসিড নিক্ষেপের মামলায় ছাত্রলীগের সাত নেতার নামে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 01:35 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

বৃহস্পতিবার দুপুরে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক।

উপাচার্য বিরোধী আন্দোলন চলাকালে গত ১০ জানুয়ারি ‘ছাত্রলীগের’ নেতৃত্বে ‘বহিরাগতরা’ আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এ সময় এসিড সিন্ত্রাসের শিকার হন আন্দোলনকারী পাঁচ শিক্ষক। এছাড়া আরো অনেকে আহত হন।

১২ জানুয়ারি বিকালে এসিড সন্ত্রাস আইনে মামলাটি দায়ের করেন হামলার শিকার আন্দোলনকারী শিক্ষক ও মুক্তিযুদ্ধের চেতনায় সম্মিলিত শিক্ষক সমাজের সদস্য সচিব ড. তুহিন ওয়াদুদ। 

মামলার অভিযোগপত্রে আসামীরা হলেন- রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মেহেদী হাসান শিশির, হাদীউজ্জামান হাদী, মোহাম্মদ আলী রাজ, রাজিব হোসেন, তুষার কিবরিয়া, রাসেল ও রোকনুজ্জামান রোকন।

এসআই ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগের ৯ নেতার নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরো ৩০ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। ঠিকানা খুঁজে না পাওয়ায় পরে অভিযোগপত্র থেকে ২ জনের নাম বাদ দেয়া হয়েছে।   

এদের মধ্যে ৩ জনকে ওই রাতেই গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা জামিনে রয়েছেন।

এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি ধনজিত ঘোষ তাপস দাবি করেন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি নেই। এসিড হামলাকারীদের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততাও নেই।

তবে আসামি মেহেদী হাসান শিশির বলেন, “কমিটি নেই ঠিকই। তবে আমাদের নেতৃত্বেই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।”