২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্র-মাঝারি কৃষকের স্বার্থে কৃষিযন্ত্র উদ্ভাবন চান মতিয়া

ক্ষুদ্র ও মাঝারি কৃষকের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে এমন কৃষিযন্ত্র উদ্ভাবন ও বিপননের প্রতি নজর দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 01:31 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

বৃহস্পতিবার রাজধানীর ব্রাক সেন্টারে কৃষিবিষয়ক এক কর্মশালায় এ আ্হবান জানান তিনি।

প্রান্তিক এবং মাঝারি কৃষকদেরকে ‘বাংলাদেশের কৃষি অর্থনীতির প্রাণ’ আখ্যায়িত করে মন্ত্রী বলেন, “কৃষিতে মেকানিজম মাস্ট। কিন্তু সেটা কৃষকের চাহিদার কথা মাথায় রেখে করতে হবে। যা হবে স্মল, ইফেক্টিভ অ্যান্ড বিউটিফুল।”

দেশের বেশিরভাগ কৃষকের বড় এবং দামি কৃষিযন্ত্র কেনার ক্ষমতা নেই বলে মন্তব্য করেন তিনি।

“যাই আবিস্কার করেন কৃষক যদি সেটাকে গ্রহণ না করেন তাহলে তার দাম নাই।”

ভবিষ্যতে বিদ্যুতের চাহিদা মেটাতে পরমাণু ও সৌরবিদ্যুতকে ‘মূল বিক্ল্প’ হিসেবে তুলে ধরেন মতিয়া।

সৌরবিদ্যুত কাজে লাগিয়ে সেচপাম্প চালানোর একটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, “১৭ লক্ষ টাকা খরচ করে যে সোলার পাম্প বসানো হচ্ছে তা দিয়ে মাত্র ২০০ হেক্টর জমিতে সেচ দেয়া সম্ভব। ইট ইজ নট কস্ট ইফেক্টিভ। আমরা (সরকার) যদি এখানে ৫০ শতাংশ ভর্তুকিও দেই তাহলেও সম্ভব না।”

খরচ কমিয়ে কীভাবে এটা সাধারণ কৃষকের আয়ত্তের মধ্যে আনা যায় সে বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

‘রুরাল মেকানাইজেশন পলিসি অ্যান্ড টেকনোলজি লেসনস ফ্রম বাংলাদেশ অ্যান্ড আদার ডেভেলপমেন্ট কান্ট্রিজ’ শীর্ষক এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের (কৃষি) সদস্য ড. এম এ সাত্তার মণ্ডল।

কৃষিযন্ত্র ব্যবহারের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, গত ১৫ বছরে বাংলাদেশের কৃষিতে ১১ শতাংশ হারে কৃষিশ্রমিক কমেছে।”

বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেন।