২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনা হতে পারে: আশরাফ

সংকট নিরসনে আওয়ামী লীগ যে কোনো বিষয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত বলে জানালেও দলটির মুখপাত্র মনে করেন, বিএনপির ওপর জামায়াতি প্রভাব ‘শুভ লক্ষণ নয়’।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 07:25 AM

Updated : 23 Aug 2022, 10:20 AM

বৃহস্পতিবার সকালে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা বলেন আশরাফ।

তিনি বলেন, “আমরা রাজনৈতিক দল। তাই যে কোনো বিষয়ে যে কোনো স্থানে বিরোধীদলের সঙ্গে আলোচনা হতে পারে।”

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ বিভিন্ন ইস্যুতে গত তিন বছর ধরেই আন্দোলন চালিয়ে আসছে প্রধান বিরোধী দল বিএনপি। যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবিতে সারা দেশে গণজাগরণের মধ্যে জামায়াতে ইসলামীর সহিংসতার পর ব্যবসায়ীসহ বিভিন্ন মহল থেকে আলোচনার তাগিদ এসেছে।          

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও গত বছর দেশের প্রধান দুই রাজনৈতিক দলের প্রতি সংলাপের আহ্বান জানানো হয়।

বিভিন্ন মহলের আহ্বানে বিএনপি ও আওয়ামী দু পক্ষই বলেছে, আলোচনায় তারা রাজি। তবে শর্তে না মেলায় সংলাপের কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। 

বর্তমানে জামায়াতে ইসলামী বিএনপিকে নিয়ন্ত্রণ করছে মন্তব্য করে ক্ষমতাসীন আওয়ামী লীগের মুখপাত্র আশরাফ বলেন, “এখন জামায়াত বিএনপিকে ডিকটেট করছে। এটা আমাদের রাজনীতির জন্য শুভ লক্ষণ নয়।”

ঐতিহাসিক ৭ মার্চে হরতালের মতো কর্মসূচি দেয়ায় বিএনপির সমালোচনা করেন তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকার শঙ্কিত কি না জানতে চাইলে আশরাফ বলেন, “আমরা আতঙ্কিত নাই। আমরা উদ্বিগ্ন। তবে দেশের যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা কনফিডেন্ট।”

এর আগে ৭ মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুযল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর দলীয় নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী হিসাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আবারো ফুল দেন তিনি।

ভোর সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবনসহ দেশের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৭ মার্চের কর্মসূচি শুরু হয়।

১৯৭১ সালের এই দিনে তখনকার রেসকোর্স ময়দানের জনসভা থেকে স্বাধীনতা সংগ্রামের ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ঐতিহাসিক এ দিনটি পালনে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনও বিভিন্ন কর্মসূচি পালন করবে।