জলিলের মৃত্যুতে খালেদার শোক
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল জলিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
বুধবার রাতে এক শোকবার্তায় খালেদা প্রয়াত এই রাজনীতিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, “দেশমাতৃকার মুক্তির জন্য তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।”
বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় জলিলের মৃত্যু হয়।
প্রয়াত আব্দুল জলিলকে একজন ‘সুদক্ষ সংগঠক ও প্রাজ্ঞ রাজনীতিবিদ’ অভিহিত করে বিরোধী দলীয় নেতা বলেন, “অকপটে সত্য কথা বলা ছিল তার সহজাত স্বভাব। কর্ম দিয়ে তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন।”
তিনি প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
অপর এক শোকবার্তায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আব্দুল জলিলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
আহমদ জামান চৌধুরীর মৃত্যুতে শোক
অপর এক শোকবার্তায় প্রবীণ সাংবাদিক ও চলচ্চিত্রকার আহমদ জামান চৌধুরী মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খালেদা।
শোকবার্তায় খালেদা বলেন, “বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনে বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশনে একনিষ্ঠতা আহমদ জামানকে অনন্য মাত্রা দান করেছিল। সাংবাদিকতার পাশাপাশি চলচ্চিত্র শিল্পেও যথার্থ অবদান রাখতে সক্ষম হয়েছিলেন তিনি। গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে তিনি কখনো আপস করেননি।”
