২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেশে জরুরি অবস্থা আনার পাঁয়তারা সরকারের’

সরকার ‘সংঘাতময়’ পরিস্থিতি জিইয়ে রেখে দেশে জরুরি অবস্থা আনার ‘পাঁয়তারা’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2013, 12:45 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

Image
বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন

বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন

বুধবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “দেশে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। মানুষ উদ্বেগের মধ্যে আছে। পুলিশ বাহিনী নির্বিচার গুলি করে এ পর্যন্ত ১৩৫ জন নিরীহ মানুষকে হত্যা করছে। এভাবে গণহত্যা চালিয়ে সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে দেশে জরুরি অবস্থা আনার পায়তারা করছে।’’

দলের স্থায়ী কমিটির এই সদস্য সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিকে ধামাচাপা দিতে সরকার যে ‘সাংঘর্ষিক’ অবস্থার সৃষ্টি করেছে, তাতে কোনো লাভ হবে না। আরও কিছুদিন ক্ষমতায় থাকার জন্য তাদের [সরকার] এরকম কৌশল জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল ফাউন্ডেশনের উদ্যোগে কতিপয় ব্লগার কর্তৃক বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে ‘হত্যার হুমকি’ ও সারাদেশে ‘গণহত্যার’ প্রতিবাদে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

শাহবাগ আন্দোলনের সমালোচনা করে খন্দকার মোশাররফ দাবি করেন, প্রথম দিকে শাহবাগের গণজাগরণ মঞ্চ নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিলো। কিন্তু এখন মানুষের কাছে তা পরিস্কার হয়ে গেছে। এটি সরকারের সৃষ্ট একটি ‘প্লাটফর্ম’। তারা [শাহবাগের আন্দোলনকারীরা] সরকারকে বাঁচাতে নতুন প্রজন্মের কথা বলে মানুষকে ‘ধোকা’ দিতে চেয়েছে।

‘‘শাহবাগের মঞ্চ নিরপেক্ষ নয়, এটি দলীয় একটি মঞ্চ।’’

তিনি অভিযোগ করেন, সরকার দেশ ও জাতিকে বিভক্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা চালাচ্ছে। দেশি-বিদেশি শক্তিকে নিয়ে সরকার বাংলাদেশকে ‘অকার্যকর রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রে’ লিপ্ত হয়েছে।

সংগঠনের সভাপতি জামাল শরীফ হীরুর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, সাবেক ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম রিজু, আলী আকবর চুন্নু, ওবায়দুর রহমান টিপু প্রমুখ বক্তব্য রাখেন।

স্বরাষ্ট্র মন্ত্রীর বিবৃতির প্রতিবাদ

গত কয়েকদিনের সহিংসতা সম্পর্কে মঙ্গলবার জাতীয় সংসদে দেয়া স্বরাষ্ট্র মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের বিবৃতির প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।  

বুধবার সকালে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, বিরোধী দলবিহীন সংসদে স্বরাষ্ট্র মন্ত্রী ‘মিথ্যা ও বানোয়াট’ বিবৃতি দিয়েছেন।

“এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। সরকারের পুলিশ-র‌্যাব বাহিনী সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে। তাই এভাবে বিবৃতি দিয়ে সরকার ওইসব হত্যার দায় এড়াতে পারবে না।’’

জাতীয় প্রেস ক্লাবের সভা কক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে ব্লগার কর্তৃক খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

 ফারুক অভিযোগ করেন, সরকার সুপরিকল্পিতভাবে দেশে সংঘাত সৃষ্টি করছে। তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

সংগঠনের সভাপতি এম এম মেহবুব রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন বক্তব্য রাখেন।