২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ভয় পেয়ে গুলি চালাচ্ছে: আমির খসরু

রাষ্ট্র পরিচালনায় সরকার ব্যর্থ এবং ভীত-সন্ত্রস্ত হয়ে সরকার মানুষের ওপর গুলি চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 04:08 PM

Updated : 25 Apr 2022, 06:26 PM

মঙ্গলবার বিকালে নুর আহম্মদ চৌধুরী সড়কে চট্টগ্রাম নগর বিএনপির সমাবেশে তিনি এ কথা বলেন।

নগর বিএনপি’র সভাপতি আমির খসরু বলেন, আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথ থাকবে জনতার দখলে। আওয়ামী লীগ নেতাকর্মীরা থাকবে র‌্যাব, পুলিশ, বিজিবির পাহাড়ায়।

দুর্বৃত্তরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানদের বিভিন্ন স্থাপনায় হামলা করছে দাবি করে তিনি বলেন, এ জন্য দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি ইঙ্গিত করে আমির খসরু বলেন, “ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। ভবিষ্যতে এর জন্য আপনাদেরকে জনতার কাটগড়ায় দাঁড়াতে হবে।”

নগর বিএনপি সহ-সভাপতি সামশুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. শাহাদাত  হোসেনের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপি নেতা এ এম নাজিম উদ্দিন, মাহবুবুর রহমান শামীম, আলহাজ এম এ আজিজ, আবুল হাশেম বক্কর, জাহাঙ্গীর আলম, কাজী বেলাল, নাজিমুর রহমান, এস এম সাইফুল আলম, শফিকুর রহমান স্বপন, শাহ আলম, কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, মোশারফ হোসেন দিপ্তী, আহমেদুল আলম চৌধুরী রাসেল প্রমুখ।

এর আগে সকালে এক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, “প্রতিবাদী মানুষের উপর পুলিশ-বিজিবি লেলিয়ে দিয়ে যে নির্মম গণহত্যা চালিয়েছে তা গণতান্ত্রিক সভ্য সমাজে বিরল।”