২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলেমদের হত্যার ‘ষড়যন্ত্রে’ বিক্ষোভ চট্টগ্রামে

আলেম-ওলামাদের হত্যাকাণ্ডে ইসলামী ছাত্রশিবিরের ‘ষড়যন্ত্র’র খবরে চট্টগ্রামে বিক্ষোভ করেছে একটি ইসলামী সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 03:53 PM

Updated : 23 Aug 2022, 10:19 AM

মঙ্গলবার বিকালে বন্দরনগরীর ওয়াসা মোড়ে এই বিক্ষোভ করে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।

সোমবার দুপুরে চট্টগ্রামে শিবিরের আট কর্মীকে গ্রেপ্তার করা হয়, যারা ১০ আলেমকে হত্যার জন্য তালিকা তৈরি করেছিল বলে পুলিশ দাবি করেছে।

তাদের কাছে পাওয়া ওই তালিকায় নগরীর মুরাদপুরের জামেয়া আহমদীয়া সুন্নীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জালালউদ্দিন আল কাদেরী, উপাধ্যক্ষ ছগির আহমেদ ওসমানী, শায়খুল হাদীস ওবায়দুল হক নঈমীসহ ১০ জনের নাম রয়েছে বলে দাবি করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

বিক্ষোভ শেষে সমাবেশে সংগঠনের নেতারা বলেন, এই উপমহাদেশে পীর মাশায়েখদের হাত ধরেই ইসলাম প্রচারিত হয়েছিল। আর এখন আলেম-ওলামা-পীর-মাশায়েখদের হত্যার চক্রান্ত করছে জামায়াত-শিবির।

বক্তারা বলেন, ইসলাম আর জামায়াতের ইসলাম এক নয়। জামায়াত এদেশে ‘মওদুদীর ইসলাম’ কায়েম করতে চায়।

স্বাধীনতা যুদ্ধের সময়েও জামায়াতের কর্মীরা একইভাবে পীর-মাশায়েখদের হত্যা করেছিল উল্লেখ করে তারা বলেন, জামায়াত-শিবিরকে এখনই নিয়ন্ত্রণ করা না গেলে বাংলাদেশ ‘জঙ্গিবাদের দেশে’ পরিণত হবে।

সমাবেশ থেকে বক্তারা এদেশের আলেম-ওলামাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান।

চট্টগ্রাম মহানগর ইসলামিক ফ্রন্টের জ্যেষ্ঠ সহ-সভাপতি মজিবুল হক শুক্কুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব কাজী আনোয়ারুল ইসলাম খান, ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম জেলা সভাপতি নিজাম উদ্দিন নোমান ও আবদুস সবুর।

জামায়াতের প্রতিবাদ

চট্টগ্রামে ১০ আলেমকে হত্যার পরিকল্পনা বিষয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরকে ‘মিথ্যা’ বলে দাবি করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হামিদুর রহমান আযাদ এক বিবৃতিতে এ দাবি করেন।

বিবৃতিতে বলা হয়, “পুলিশের বক্তব্যের বরাত দিয়ে ‘জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা চট্টগ্রামে জামায়াতে ইসলামীর বিরোধী ১০ জন আলেমের হিটলিস্ট করেছে’ মর্মে যে অপপ্রচার চালানো হয়েছে তা সর্বৈব মিথ্যা।”

জামায়াত ও শিবির কখনো হত্যা ও সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না দাবি করে এতে বলা হয়, “কাজেই কোনো আলেমের হিট লিস্ট করার প্রশ্নই আসে না।”