হামলায় মীরসরাই উপজেলা চেয়ারম্যান আহত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় হরতাল সমর্থকদের হামলায় আহত হয়েছেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন।
মঙ্গলবার বিকালে উপজেলার বারবকুণ্ড এলাকার কাছাকাছি স্থানে তার গাড়িতে হালা হয়। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গিয়াস উদ্দিনের স্ত্রী ফরিদা তাহমিনা গিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে মীরসরায়ের নিজ বাড়ি থেকে অটোরিক্সা করে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে এ হামলা হয়।
১৫/১৬ লোক তাকে বহনকারী অটোরিক্সায় হামলা চালালে গিয়াস উদ্দিন মুখের ডান পাশে আঘাত পান।
তার মুখে ১২ টি সেলাই দেয়া হয়েছে বলেও জানান তাহমিনা।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল হাসান বলেন, বিকালে সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকায় গিয়াস উদ্দিনকে বহনকারী অটোরিক্সাটিতে হামলা চালায় হরতাল সমর্থকরা।
হরতাল সমর্থকদের ছোঁড়া ইটের আঘাতে উপজেলা চেয়ারম্যান আহত হন বলে জানান ওসি।
গিয়াস উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।
