২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজীব হত্যা: শিবিরের সেই নেতাকে খুঁজছে পুলিশ

গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যায় জড়িত পাঁচজনের দেয়া তথ্য অনুযায়ী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আরো দুই ছাত্রকে খুঁজছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 12:29 PM

Updated : 23 Aug 2022, 10:19 AM

তাদের একজন হলেন হত্যার পরিকল্পনাকারী ছাত্রশিবিরের সেই নেতা।   

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মোল্লা নজরুল ইসলাম মঙ্গলবার তার কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ কয়েকটি সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

ব্লগার রাজীব হত্যায় জড়িত অভিযোগে ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে গোয়েন্দা পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে। তারা এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়ার কথা স্বীকার করেন বলে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এর অাগে জানিয়েছেন। ইসলামী ছাত্রশিবিরের এক নেতার পরিকল্পনায় তারা রাজীবকে হত্যার কথাও জানান পুলিশকে।

হত্যাকাণ্ডের ১৪ দিনের মাথায় তাদের গ্রেপ্তার করে এ মামলার তদন্তে প্রায় শতভাগ সফলতা এসেছে বলে দাবি পুলিশের।

গ্রেপ্তারকৃত পাঁচজন হচ্ছে ফয়সল বিন নাইম ওরফে দীপ (২২), মাকসুদুল হাসান অনিক (২৬), এহসান রেজা রুম্মান (২৩), নাঈম সিকদার ইরাদ (১৯) ও নাফিস ইমতিয়াজ (২২)।

দীপ এবং নাঈম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যাণ্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, রুম্মান এবং ইরাদ একই বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স অ্যাণ্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। নাফিস একই বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্র। 

গত ১ মার্চ রাজধানীর বিভিন্নস্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে।

উপ-কমিশনার নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা রাজীবকে হত্যার কথা স্বীকারের পাশাপাশি আরো সাতজন ব্লগারকে পর্যায়ক্রমে হত্যার পরিকল্পনার কথা বলেছে এবং বিভিন্নভাবে তার তথ্যপ্রমাণও পাওয়া গেছে। 

গত ১৫ ফেব্রুয়ারি রাতে ব্লগার ও স্থপতি রাজীবকে তার মিরপুরের বাড়ির অদূরেই খুন করে পালিয়ে যাওয়ার সময় একজন মহিলাসহ অন্তত দুইজন খুনিদের দেখে ফেলে। প্রত্যক্ষদর্শীদের দেয়া খুনিদের শারীরিক বর্ণনা গ্রেপ্তারকৃতদের দুইজনের সঙ্গে মিলে গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

রাজীবের হত্যাকারীদের গ্রেপ্তারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে জানিয়ে নজরুণ ইসলাম বলেন, রাজীবকে খুন করার পর খুনিদের একজন ঢাকা থেকে বগুড়া চলে গিয়েছিল। পরে আবার ঢাকায় ফিরে আসে। আর বাকিরা ঢাকায় ছিল। তবে যারা খুন করেছে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত এমন কোন তথ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে জানান তিনি।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই পাঁচ ছাত্রকে গ্রেপ্তারের পর অায়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম জানিয়েছিলেন, ওই হত্যাকাণ্ডের পরিকল্পনায় ছাত্র শিবিরের একজন সাবেক নেতা রয়েছেন।

ঢাকা মহানগর পুলিশ যে দুইজনকে খুঁজছে তাদের মধ্যে শিবিরের ওই সাবেক নেতা রয়েছেন। নজরুল ইসলাম আরো জানান, গ্রেপ্তারকৃতরা বর্তমানে ৭দিনের রিমান্ডে রয়েছে। এরই মধ্যে দুইদিন পার হয়েছে। রিমাণ্ড শেষ হওয়ার আগেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য তাদেরকে আদালতে হাজির করা হবে বলে আশা করা হচ্ছে।

শাহবাগ আন্দোলন শুরুর ১০ দিনের মাথায় গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরের বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় স্থপতি রাজীবকে।

রাজীব ব্লগে লেখালেখি করতেন। যুদ্ধাপরাধের বিচার নিয়ে লেখালেখির কারণেই জামায়াত-শিবির রাজীবকে হত্যা করেছে বলে তার সহযোদ্ধা ও স্বজনদের অভিযোগ।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশব্যাপী গণজাগরণ আন্দোলনের প্রথম ‘শহীদ’ হিসেবে রাজীবকে অভিহিত করা হচ্ছে।

রাজীব হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা মামলা করেছেন, ডিবি তা তদন্ত করছে।