পুরান ঢাকায় জবির ৪ ছাত্র আটক
পুরান জজ কোর্ট এলাকা থেকে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের সক্রিয় কর্মী বলে দাবি করেছে ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
সকাল ১০টার দিকে ঢাকা জজ কোর্টের পেছন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অয়ন ও জামাল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আজিম ও অর্থনীতি বিভাগের সাদিককে আটক করে কোতয়ালী থানা পুলিশ।
কোতয়ালী থানার ওসি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালে নাশকতা সৃষ্টি করতে পারে এমন সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। তবে তারা ছাত্রদেলর কর্মী কি না তা নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তবে ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফয়সাল আহমেদ সজল ওই চারজনকে নিজেদের সক্রিয় কর্মী বলে দাবি করেন।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একটি মিছিলে পুলিশ বাধা দেয়।
সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও লঞ্চঘাট শ্রমিক লীগের দুটি হরতালবিরোধী মিছিল ক্যাম্পাস হয়ে রায় সাহেব বাজার মোড় পর্যন্ত যায়। এরপরে মিছিলটি সদরঘাট হয়ে আবার ক্যাম্পাসে ফিরে আস।
