পীরগাছার কনস্টেবল মোজাহার মারা গেছেন
রংপুরের পীরগাছা উপজেলায় জামায়াত-শিবিরের হামলায় আহত পুলিশ কনস্টেবল মোজাহার আলী (৪৫) মারা গেছেন।
মঙ্গলবার বেলা ৩টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয় বলে জানান পীরগাছা থানার ওসি বজলুর রশীদ।
এ নিয়ে রংপুরে ছয় জনের মৃত্যু হল।
দেলাওয়ার হোসাইন সাইদীর মৃত্যুদণ্ডের পর জামায়াত-শিবিরের তাণ্ডবে গত বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রংপুরের মিঠাপুকরে পাঁচজন নিহত হয়েছিলেন।
বজলুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার দুপুরে পীরগাছা রেলস্টেশনে জামায়াত-শিবিরের কর্মীরা হামলা চালিয়ে থানার কনস্টেবল মোজাহারসহ ১২ পুলিশকে আহত করে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে পাঠানো হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।
সিএমএইচ কর্তৃপক্ষ তাকে বেলা সোয়া ৩টায় খবরটি নিশ্চিত করে বলে ওসি জানান।
মোজাহার আলীর বাড়ী দিনাজপুরের চিরিরবন্ধর উপজেলায়, বলেন ওসি।
মানবতাবিরোধী অপরাধে সাইদীর মৃত্যুদণ্ড হলে দামায়াত-শিবির সমর্থকরা সারাদেশে তাণ্ডব শুরু করে। ওইদিনসহ এ পর্যন্ত অর্ধশতাধিক লোকের মৃত্যু হয়েছে।
