২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাগরিকদের নিরাপত্তায় পুলিশের 'সেফটি সেন্টার'

রাজধানীরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ গঠন করেছে ‘সিটিজেনস সেফটি সেন্টার', যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে তথ্য জানাতে নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 08:33 AM

Updated : 23 Aug 2022, 10:19 AM

ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করে এই কেন্দ্র গঠনের ঘোষণা দেন।

সন্ত্রাসী, দুষ্কৃতকারী, বোমাবাজ ও গাড়ি ভাংচুরকারীদের সম্পর্কে তথ্য সিটিজেনস সেফটি সেন্টারে জানাতে রাজধানীবাসীকে অনুরোধ জানান তিনি।

তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে তিনি জানান।

বেনজীর বলেন, "একটি স্বার্থান্বেষী মহল ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার উপর হামলা, অগ্নিসংযোগ, বোমাবাজি করাসহ নানা নৈরাজ্যে লিপ্ত রয়েছে।"

পুলিশ কমিশনার জানান, গত কয়েক দিনের নৈরাজ্যে ছয় পুলিশ সদস্য নিহত হয়েছে।

পাড়া মহল্লায় নাগরিক কমিটি গঠন করা হবে জানিয়ে বেনজীর বলেন, “কোনো পাড়ায় নতুন আগুন্তুক দেখলে সিটিজেনস সেফটি সেন্টারে ফোন করে জানাবেন। একটা একটা করে দুষ্কৃতিকারী নির্মূল করা হবে।"

এ সময় গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান কমিশনার।

সিটিজেনস সেফটি সেন্টারে তথ্য জানানোর ফোন নম্বর হলো, ০১১৯২১১১১২৩, ০১১৯২১১১১২৪, ০১১৯২১১১১২৫, ০১১৯২১১১১২৯, ৯৩৬১০১৬, ৯৯৯-২৪৯৩। ফ্যাক্স-৮৩৩৩৩২৮। ইমেইল: sobaragedesh@dmp.gov.bd, ilovemycountry@dmp.gov.bd।