হরতালের ‘বিকল্প’ খোঁজার তাগিদ মুহিতের
লাগাতার হরতালের কঠোর সমালোচনা করে প্রতিবাদের ‘বিকল্প উপায়’ বের করার তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “বাংলাদেশে হরতাল চলতেই পারে না। এটা হচ্ছে আমার মত। বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্যের কথা বিবেচনায় এদেশে হরতাল চলতে পারবে না।”
“সুতরাং আমাদের অন্য উপায় বের করতেই হবে। প্রতিবাদের অন্য উপায় দেখতে হবে,” বলেন মুহিত।
তবে এই ‘বিকল্প উপায়’ কি হতে পারে সে বিষয়ে কিছু বলেননি অর্থমন্ত্রী।
ব্যবসায়ীরাও হরতালের বিকল্প উপায় বের করার কথা বলেছেন- সাংবাদিকদের এমন কথায় মুহিত বলেন, “ব্যবসায়ীরা সমাধান করতে পারলে আমি তাদের পেছনে আছি। যদি রাজনীতিতে বিশ্বাস করেন তাহলে এটা সম্ভব (হরতালের বিকল্প উপায় খুঁজে বের করা)। হিংস্রতা, যেটা জামায়াতের ধর্ম তাতে বিশ্বাস করলে হবে না।”
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে নিজের দপ্তরে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ নেতাদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী।
বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, ব্যবসায়ীরা দেশের বাজেটের সিংগভাগের যোগান দিলেও বর্তমান পরিস্থিতিতে তারা যেন জিম্মি হয়ে পড়েছেন।
তারা আর ‘নিরবিচ্ছিন্নভাবে’ ব্যবসা করতে পারছেন না দাবি করে তিনি বলেন, “আমরা মনে করি, এগুলোর (হরতাল) ব্যাপারে অচিরেই সামগ্রিকভাবে সিদ্ধান্ত নেয়া দরকার।”
হরতালের বিকল্প কি হতে পারে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই ব্যবসায়ী নেতা বলেন, “আমরা খঁজছি।”
“আমরা রাজনীতিবিদদের কোনো পরামর্শ দিতে চাই না। আমরা মনে করি, রাজনীতিবিদরা রাজনীতি করেন তাদের একটা অবস্থান থেকে। আমরা আমাদের অবস্থান থেকে ব্যবসা করে দেশের সেবা করি।”
বৈঠক প্রসঙ্গে এই ব্যবসায়ী নেতা জানান, বাংলাদেশ ব্যাংকের জারি করা খেলাপী ঋণ সংক্রান্ত বিধিমালা ব্যবসায়ীদের জন্য সহনীয় করতে অর্থমন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে।
শ্রেণিকৃত ঋণের মেয়াদ কমিয়ে বাংলাদেশ ব্যাংক ওই বিধিমালা জারি করায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা হচ্ছে বলে মন্ত্রীকে জানান ব্যবসায়ী নেতারা।
একই দাবিতে এর আগে বাংলাদেশ ব্যাংকের সঙ্গেও বৈঠক করেন তৈরি পোশাক সংশ্লিষ্ট তিন সংগঠনের নেতারা।
বিজিএমইএ সভাপতি জানান, অর্থমন্ত্রী বলেছেন এসব বিষয়ে সভা করে পদক্ষেপ নেয়া হবে।
বিভিন্ন ব্যাংকের ইনল্যান্ড পারচেজ বিলের (আইপিবি) প্রায় পনেরশ কোটি টাকা আটকা পড়েছে জানিয়ে ব্যবসায়ীরা ওই অর্থ দ্রুত ছাড়ের বিষয়েও অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চান বৈঠকে।
অন্যদের মধ্যে বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, বিটিএমএ সভাপতি জাহাঙ্গীর আল আমীনসহ তিন ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
