২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজপথে সরব হরতালবিরোধীরা

বিএনপির সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীতে দলটির নেতাকর্মীদের তৎপরতা না থাকলেও রাজপথে সরব রয়েছে হরতালবিরোধীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 07:13 AM

Updated : 23 Aug 2022, 10:19 AM

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো হরতালবিরোধী মিছিল বের করে।

যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় আসার পর গত বৃহস্পতিবার সারা দেশে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত-শিবিরকর্মীরা। রায় প্রত্যাখ্যান করে রবি ও সোমবার সারা দেশে ৪৮ ঘণ্টা হরতাল করে দলটি।  

আর বৃহস্পতিবার জামায়াতের সহিংসতার সময় গুলিতে হতাহতের ঘটনাকে ‘সরকারের গণহত্যা’ আখ্যায়িত করে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল করছে জামায়াতের জোটসঙ্গী বিএনপি। জামায়াত এবং ইসলামী ঐক্যজোটও এই হরতালে সমর্থন জানিয়েছে।

বঙ্গবন্ধু এভিনিউ এ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সকাল থেকেই মিছিল নিয়ে আসে। এ সময় গোটা এলাকা হরতালবিরোধী স্লোগানে মুখরিত ওঠে। পরে সেখানে দলটির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সকাল সোয়া নয়টার দিকে গাবতলী এলাকায় ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের একটা মিছিল বেল হয়। একই সময়ে একটি মিছিল দেখা যায় মৎসভবনের সামনে।

এছাড়া সকালে কমলাপুর, বিজয় স্মরণী, পুরানা পল্টন ও আজিমপুরে কয়েকটি হরতালবিরোধী মিছিল চোখে পড়ে।

তিতুমীর কলেজ, ওয়্যারলেস গেটসহ মহাখালীর বিভিন্ন এলাকায় কিছুক্ষণ পর পর বনানী থানা আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিতুমীর কলেজ শাখার নেতা-কর্মীরা মিছিল ও মোটরসাইকেল র‌্যালি বের করে।

বিএনপির হরতালে গণজাগরণ মঞ্চের কোনো হরতালবিরোধী মিছিলের কর্মসূচি না থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল সোয়া ১১টার দিকে ছাত্র সংগ্রাম পরিষদ একটি হরতালবিরোধী মিছিল করে।

বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে ছাত্র-শিক্ষক মিলনায়তনের (টিএসসি) সামনে এসে শেষ হয়। সমাবেশে ক্যাম্পাসের বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দীকি নাজমুল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তানভীর রুসমত ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক উন্মেষ রায়, জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলামসহ অনেকে।

সমাবেশস্থল থেকে ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশে বর্তমানে দুটি পক্ষ রয়েছে। একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আরেকটি মুক্তিযুদ্ধের বিরোধী। দুটি পক্ষের মধ্যে খালেদা জিয়া বিরোধী পক্ষকেই বেছে নিয়েছেন। মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষের সাথে কোনো ধরনের আপোস চলতে পারে না। তাই আমরা এই হরতাল প্রত্যাখান করছি।”