২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নাশকতার অভিযোগে জামায়াতের জেলা আমীর আটক

নাশকতা ও পুলিশকে হত্যা চেষ্টার অভিযোগে গাজীপুর জেলা জামায়াতের আমীর মো. আবুল হাসেন খানকে দুই ছেলেসহ আটক করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 05:29 AM

Updated : 23 Aug 2022, 10:19 AM

জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে র‌্যাব-১ এর সদস্যরা তাদেরকে শহরের বাসা থেকে আটক করে।

আবুল হাসেন খানের দুই ছেলের নাম মো. ফারুক ও মো. ফরিদ।

এর আগে সোমবার রাতে একই অভিযোগে শিবিরের গাজীপুর জেলা সভাপতি আবু নাঈম মোল্লা ও অফিস সম্পাদক আব্দুল বাছেদকে আটক করা হয়।

দলীয় কার্যালয়ের পাশ থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন শিমুলতলী ক্যাম্পের দায়িত্বরত‌্যাবের সহকারি পরিচালক এ.এস.পি মাহমুদ।

এদিকে, বিএনপির ডাকা মঙ্গলবারের হরতাল ঢিলেঢালাভাবে চলছে গাজীপুরে।

সকাল থেকে জেলার বিভিন্ন সড়কে দূরপাল্লার বাস না চললেও মিনিবাস, রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা গেছে। এছাড়া গাজীপুরে কল-কারখানা, অফিস-আদালত, ব্যাংক-বীমা, বিপনী বিতান খোলা রয়েছে।

সকালে কালিয়াকৈর, চান্দনা-চৌরাস্তা ও টঙ্গীতে মিছিল করেছে হরতালকারীরা। মিছিল থেকে বিক্ষিপ্তভাবে কিছু ভাংচুর চালিয়েছে পিকেটাররা।

টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীদের একটি মিছিল থেকে কলেজ গেট এলাকায় একটি অটোরিকশা এবং চেরাগ আলী মার্কেট এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। তাদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশ ও মিছিলকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।