'গণহ্ত্যা' রূখতে কমিটি করবে বিএনপি
সরকার দেশে একাত্তরের মতো ‘গণহত্যা’ চালাচ্ছে অভিযোগ করে জনগণের নিরাপত্তায় কমিটি গঠন করার ঘোষণা দিয়েছে বিএনপি।
সোমবার সকালে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘পুলিশ-র্যাব ও ক্ষমতাসীন দলের সশস্ত্র সন্ত্রাসীরা সারা দেশে নির্বিচারে গুলি করে গণহত্যা চালাচ্ছে। এটি একাত্তরের গণহত্যার সমতুল্য।”
এই ‘হত্যাকাণ্ডের’ প্রতিবাদ জানাতেই বিএনপি মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বলে মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন,“মানুষকে রক্ষা করতে ফরাসী বিপ্লবের মতো দেশে কমিটি ফর পাবলিক সেফটি গঠন করে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে”, বলেন তিনি।
বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন রিজভী।
বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে গিয়ে নারী ও শিশুদের সঙ্গে দুর্বব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তার।
খুলনা, গফরগাঁও ও পিরোজপুরসহ বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার ও নির্যাতন করা হচ্ছে দাবি করে তিনি বলেন, “শনিবার বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এই মামলা দায়ের পূর্ব পরিকল্পিত। বিএনপিকে সাংগঠনিকভাবে পর্যদুস্ত করতেই সরকার এই অপকৌশল নিয়েছে।”
“আমরা অবিলম্বে নেতাদের বিরুদ্ধে দায়ের করার মিথ্যা, বানোয়াট ও অসত্য মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।”
শনিবার বিকালে রাজধানীর মৌচাকে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর রাতে রমনা মডেল থানায় দু’টি, পল্টন থানায় দু’টি এবং শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।
শান্তিনগর-মালিবাগ এলাকায় ভাংচুর ও গাড়িতে আগুন দেয়ার ঘটনায় এসব মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান আসামি করা হয়।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, সাবেক ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ ৩৭ জন নেতা ও অজ্ঞতনামা সহস্রাধিক কর্মীকে আসামি করা হয় এসব মামলায়।
যুদ্ধাপরাধে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের সহিংসতায় অর্ধ শতাধিক মানুষ নিহত হয়েছে। সহিংসতায় হতাহতের ঘটনাকে সরকারের ‘গণহত্যা’ আখ্যায়িত এর প্রতিবাদ জানিয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার সারা দেশে হরতালের ডাক দেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
তারপর থেকে সহিংসতায় প্রাণহানির ঘটনাকে ‘গণহত্যা’ বলে অভিহিত করছেন বিএনপি নেতারা।
বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী বলেন, “এতো মানুষকে নির্বিচারে গুলি করে হত্যার পরও একে নাকি গণহত্যা বলা যাবে না। আমরা মনে করি, সরকার গত কয়েকদিনে সারা দেশে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে। এটা একাত্তরের গণহত্যার সমতুল্য গণহত্যা।”
সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে অভিযোগ করে তিনি বলেন, “মিডিয়ার কর্তাব্যক্তিদের হুমকি-ধমকি দিয়ে পেইড নিউজ করিয়ে মিথ্যার ধোঁয়াশায় সত্যকে আড়াল করা যাবেনা।”
সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে দলের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, মুক্তিযোদ্ধা গণপরিষদের চেয়ারম্যান ইশতিয়াক আজিজ উলফাত, কেন্দ্রীয় নেতা এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
