হরতাল প্রতিরোধে জাগরণের মিছিল
যুদ্ধাপরাধী সাঈদীর ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াতের হরতাল প্রতিহতের ডাকে টানা দ্বিতীয়দিনের মতো মিছিল বেরিয়েছে শাহবাগ থেকে যাতে সামিল হয়েছে শত শত মানুষ।
সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে বের হওয়া গণজাগরণ মঞ্চের মিছিল রাজধানীর নানা পথ ঘুরে আবার ফিরে আসবে শাহবাগেই।
মিছিলের সামনের দিকে আছেন বিভিন্ন ছাত্র ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। গণমিছিলের সামনে-পেছনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের বিরুদ্ধে ডাকা জামায়াত-শিবিরের এই হরতাল ও সারাদেশে ‘সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি’ সৃষ্টির প্রচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করতে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে এই মিছিলের কর্মসূচি দেয়া হয়েছিল।
যুদ্ধাপারীদের ফাঁসি ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে অন্যান্য দিনের মতো সোমবার সকালেও স্লোগানে, স্লোগানে মুখর হয়ে উঠে শাহবাগের ‘প্রজন্ম চত্বর’।
রোববার হরতালের প্রথম দিনও মিছিল বের হয়। এরপর বিকালে পুরান ঢাকার বাহদুর শাহ পার্কে সমাবেশ হয়।
সেখান থেকে একাত্তরে নির্যাতিত নারীদের প্রতি সম্মান জানিয়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে ‘নারী জাগরণ সমাবেশ’ করার ঘোষণা আসে। ওই দিন বেলা ৩টায় মুক্তিযুদ্ধের পক্ষের নারী সংগঠনগুলোকে গণজাগরণ মঞ্চের এই সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার সাঈদীর রায়ের দিনও জামায়াতের ডাকা হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়ে মিছিল করে গণজাগরণ মঞ্চ।
যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় আসার পর গত বৃহস্পতিবার সারা দেশে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত শিবির কর্মীরা। রায় প্রত্যাখ্যান করে রবি ও সোমবার সারা দেশে ৪৮ ঘণ্টার এই হরতাল ডাকা হয়।
বৃহস্পতিবার জামায়াতের সহিংসতার সময় গুলিতে হতাহতের ঘটনায় মঙ্গলবারও সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি আছে জামায়াতের প্রধান শরিক বিএনপির।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে আসা এই জাগরণ মঞ্চের উদ্যোক্তারা বলছেন, জামায়াত-শিবির সারাদেশে ‘সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি’ সৃষ্টির চেষ্টা করছে। সম্মিলিতভাবে এই চেষ্টা প্রতিহত করতে হবে।
