চট্টগ্রামে হরতালবিরোধী সমাবেশ
জামায়াতে ইসলামীর হরতাল প্রতিরোধের ডাক দিয়ে বন্দর নগরীর বিভিন্ন এলাকায় সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সর্বদলীয় সামাজিক প্রতিরোধ কমিটি।
রোববার সকাল থেকে চকবাজার, নিউ মার্কেট এলাকা, অলংকার চত্বর, আন্দরকিল্লা মোড়, বাঘমনিরাম এলাকায় এ সব সমাবেশ হয়।
এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় হরতালবিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।
নিউ মার্কেট এলাকার আওয়ামী লীগের কার্যালয় দারুল ফজল মার্কেট চত্বরের সামনে সর্বদলীয় সামাজিক প্রতিরোধ কমিটির সমাবেশ হয়।
এতে নগর আওয়ামী লীগের সভাপতি ও কমিটির আহ্বায়ক এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, “যুদ্ধাপরাধী ও জামায়াত-শিবির বিরোধী নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধে একাত্তরের মতো পাড়ায় মহল্লায় মা-বোন, ইমাম, পুরোহিত, ভিক্ষুসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।”
“নতুন প্রজন্ম আজ ঘাতকদের নির্মূলের শক্তি যুগিয়েছে। এই শক্তিতে বাঙালি গর্জে উঠেছে।”
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী শুক্রবার নগরীর শাহ আমানত-এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। ছবি: সুমন বাবু/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/চট্টগাম, মে ২৮, ২০১০
সমাবেশে প্রতিটি ওয়ার্ডে সর্বস্তরের জনগণের প্রতিনিধিত্ব নিয়ে সামাজিক প্রতিরোধ কমিটি ও নগরীর ২০টি পয়েন্টে হরতাল ও নৈরাজ্য বিরোধী সেল গঠনের ঘোষণা দেয়া হয়।
সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য শাহ আলম, নগর আওয়ামী লীগের সহ সভাপতি সুনীল সরকার, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিক আদনান, সিপিবির জেলা সভাপতি মৃণাল চৌধুরী, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল প্রমুখ।
চকবাজারের মতি টাওয়ার চত্বরে হরতালবিরোধী সমাবেশ করেছে আওয়ামী লীগ।
এতে নগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সাংসদ নূরুল ইসলাম বিএসসি বলেন, “জামায়াত-শিবির পুলিশের ওপর বোমা হামলা ও সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলা ও অগ্নি সংযোগ করে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের অপচেষ্টা করছে।”
জামায়াতকে বিএনপি মদদ দিচ্ছে দাবি করে তিনি বলেন, “বিএনপি-জামায়াত দেশে হরতাল ডেকে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চাচ্ছে।”
আওয়ামী লীগের নেতা আবদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, শফিকুল ইসলাম, জামসেদুল আলম চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা কেবিএম শাহজাহান প্রমুখ।
অলংকার চত্বরে হরতালবিরোধী সমাবেশে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদুল আলম সুজন, আওয়ামী লীগ নেতা নূরুল আফসার মিয়া, এস এম আলমগীর প্রমুখ।
