ঠাকুরগাঁও ও লালমনিরহাটে মামলা, আসামি ২ হাজার
মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর ঠাকুরগাঁও ও লালমনিরহাটে জামায়াত-শিবিরকর্মীদের তাণ্ডবে হতাহতের ঘটনায় মামলা হয়েছে।
ঠাকুরগাঁও: পুলিশের ওপর হামলা, লুটপাট, ভাংচুর, ব্যাংকে হামলা ও লুটপাটের অভিযোগে ঠাকুরগাঁও সদর থানায় মামলা হয় রোববার।
এতে ৫০ জনের নাম উল্লেখসহ এক হাজার ৬শ’ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ঠাকুরগাঁও পুলিশ সুপার ফয়সল মাহামুদ বলেন, জামায়াত-শিবির নেতাকর্মীরা বিক্ষোভের নামে ভাংচুর ও লুটপাট চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি গুলি চালালে পাঁচজন নিহত হয়।
লালমনিরহাট: পুলিশের ওপর হামলার অভিযোগে লালমনিরহাটে পাঁচশ’ জামায়াত-শিবিরকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
শুক্রবার রাতে লালমনিরহাট সদর থানার মামলাটি দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) নুর আলম।
লালমনিরহাট সদর থানার ওসি জমির উদ্দিন বলেন, বৃহস্পতিবার বিকালে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী এলাকায় পুলিশের উপর হামলা চালায় জামায়াত-শিবিরকর্মীরা। এ ঘটনায় পাঁচ পুলিশসহ ১০ জন আহত হয়েছে।
এ মামলায় ৮২ জনের নামসহ অজ্ঞাত পরিচয় ৪/৫শ’ জামায়াত-শিবির নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
