প্রধানমন্ত্রীকে দেখা হলো না আকাশের
মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের জাফর তালুকদারের শিশুপুত্র আকাশ তালুকাদার। বয়স ৮ বছর।
একই গ্রামের ৬৪ নং বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে পড়তো। বাড়ির আশপাশের মানুষের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখার জন্য আসতে দেখে বায়না ধরেছিল সেও প্রধানমন্ত্রীকে দেখতে যাবে।
প্রধানমন্ত্রী শনিবার মাদারীপুর সফরে যান। সেখানে তিনি এ আর হাওলাদার জুট মিল ময়দানে এক বিশাল জনসভায় ভাষণ দেন।
মা ফাজি বেগমের শত আপত্তি অগ্রাহ্য করে প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য গ্রামের অন্য ছেলেদের সঙ্গে বাহাদুরপুর থেকে উঠেছিল বাসের ছাদে। বাসটি পাশের গ্রাম মিঠাপুরে পৌঁছতেই রাস্তার একটি গাছের ডালের সঙ্গে আঘাত পেয়ে সাথে সাথে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে আকাশ।
মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, “বাসের ছাদে উঠে প্রধানমন্ত্রীর সমাবেশে আসার পথে গাছের ডালের সঙ্গে প্রচন্ড আঘাত পেয়ে আকাশের নাক-মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। ঘটনার পরপর স্থানীয় লোকজন প্রথমে তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার আরো অবনতি ঘটলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আকাশ মারা যায়।”
শিশুটির বাবা জাফর তালুকদার জানান, বেলা ২ টার দিকে আকাশ গাছের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। প্রধানমন্ত্রীকে দেখার খুব শখ হয়েছিল তার।
শিশুপুত্রকে হারিয়ে বাবা, মা আত্মীয়-স্বজন নির্বাক হয়ে গেছেন।
