জামায়াতের সহিংসতা: আট জেলায় গ্রেপ্তার ৬২
মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ে সারাদেশে জামায়াত-শিবিরের হামলা, সংঘর্ষের ঘটনায় আট জেলা থেকে দলটির ৬২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত ও শনিবার দিনে বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। নাশকতা সৃষ্টির আশঙ্কায় এবং সংঘর্ষের ঘটনায় এসব মামলা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’র প্রতিনিধিরা জানান:
বরিশাল: নগরী ও গৌরনদী থেকে দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার এসআই হেলালুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বরিশাল সিটি কলেজ থেকে বের হওয়ার সময় আব্দুস জব্বারকে (৪৫) গ্রেপ্তার করা হয়।তিনি বরিশাল পূর্ব জিলা জামায়াতের আমির ও ওই কলেজের শিক্ষক।
জব্বার পুলিশের উপর হামলার ঘটনায় করা ৪ মামলার আসামি বলেও জানায় পুলিশ।
গৌরনদী থানার ওসি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতায় জড়িত সন্দেহে শনিবার সকালে মাওলানা সালামকে (৪৫) আটক করা হয়েছে।উপজেলার আল হেলাল একাডেমির প্রধান শিক্ষক।
বেনাপোল: যশোরের শার্শা উপজেলায় তিন জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে নুর মোহাম্মদ জিহাদীকে এবং শনিবার আরো দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান শার্শা থানা পুলিশের পরিদর্শ ছয়রুদ্দিন আহম্মেদ
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই জামায়াত নেতা জিহাদের ঘোষণা দিয়ে এলাকায় বিশংঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এমন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানায় পুলিশ।
ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের উপর হামলা, অস্ত্র লুট ও সরকারি কাজে বাধার অভিযোগে দায়ের করা মামলায় ২৫ জন জামায়াত-শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান।
এদিকে শনিবার সকালে শৈলকুপা থেকে ১০ শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি আব্দুল বারি জানান।
নাটোর: নাটোরের লালপুর উপজেলায় শনিবার জামায়াত শিবিরের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লালপুর থানার ওসি মতিয়ার রহমান বলেন, সংঘর্ষ ও হত্যার ঘটনায় থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তারের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠান হয়।
এদিকে বৃহস্পতিবার রাত থেকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের কদিমচিলান ও গোদড়া গ্রামে ১৪৪ ধারা জারি রয়েছে।
গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলে অভিযান চালিয়ে চার শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সুন্দরগঞ্জ থানার ওসি মনজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন চরাঞ্চল থেকে ৩ জন এবং শনিবার দুপুরে এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থানে তান্ডবের পর জামায়াত-শিবিরকর্মীরা তিস্তা নদীর দুর্গম চরাঞ্চলের বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়েছে বলেও জানান ওসি।
পুলিশ আরো জানায়, গত বৃহস্পতি ও শুক্রবারে জামায়াত-শিবিরকর্মীরা সুন্দরগঞ্জ সদর, বামনডাঙ্গা, ধুপনি, কঞ্চিবাড়ী, বেলকা, ছাইতানতোলা, গাংসার হাট, ডোমেরহাটসহ বিভিন্ন স্থানে শতাধিক বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, পুলিশ ফাঁড়ি, অফিস ও সরকারি স্থাপনা ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে।
উপজেলার সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ২৫টি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানসহ ৬টি মন্দিরে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন ১৪৪ ধারা বলবৎ রেখেছে।বাড়ানো হয়েছে র্যাব-পুলিশ-বিজিবির টহল।
এদিকে আতংকিত ব্যবসায়ীরা শনিবারও দোকান-পাট বন্ধ রেখেছে।অনেক ব্যবসায়ী তাদের দোকানের মালামাল অন্যত্র সরিয়ে নিতে দেখা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব বলেন, জামায়াত-শিবিরের হামলায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে।
গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরের বিভিন্ন এলাকা থেকে শুক্রবার রাতে মসজিদের ইমামসহ জামায়াত-শিবিরের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কালিয়াকৈর থানার ওসি মীর রকিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে।
পিরোজপুর: পিরোজপুরে বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানার ওসি আব্দুর রাজ্জাক মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার টহল পুলিশ উপজেলা চত্বর, বলাকা ক্লাব ও বাইপাস সড়ক এলাকা থেকে জামায়াত-শিবিরের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করে।
লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা থেকে দৈনিক সংগ্রাম পত্রিকার উপজেলা সংবাদদাতা হাসান আব্দুল মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কালীগঞ্জ থানার এসআই হাবিবুর রহমান হাবিব বলেন, শুক্রবার রাতে উপজেলার বালাপাড়া গ্রামে শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরো জানায়, হরতালের সময় সরকারি কাজে বাধাদানসহ একাধিক মামলার এজাহারে তার নাম থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।
