২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনবাগে পিকেটারদের ধাওয়া, ট্রাকচাপায় মৃত্যু

নোয়াখালীর সেনবাগে জামায়াত-শিবিরের পিকেটারদের ধাওয়ায় একটি ট্রাক পালানোর সময় চাপা পড়ে এক দোকানদারের মৃত্যু হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2013, 01:18 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

শনিবার সকালে সেবারহাট বাজারে এ ঘটনায় মৃত ব্যক্তির নাম মোহাম্মদ হারুন (২৫)।

হারুন ওই বাজারের জ্বালানি কাঠ বিক্রি করেন। তিনি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের চৌকিদার বাড়ির মো. সিরাজ মিয়ার ছেলে।

সেনবাগ থানার ওসি এমরান আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নোয়াখালীতে জামায়াতের ডাকা অর্ধদিবস হরতাল চলাকালে নোয়াখালী-ফেনী সড়কের সেবারহাট বাজারে পিকেটিং করছিল দলের কর্মীরা।

এ সময় একটি ট্রাককে তারা ধাওয়া ও ভাংচুর করে। চালক ট্রাক নিয়ে পালাতে চাইলে নিয়ন্ত্রণ হারিয়ে হারুনকে চাপা দেন।

নোয়াখালীর প্রাইম হসপিটালে ভর্তির পর দুপুর সোয়া ২টার দিকে তার মৃত্যু হয়।