সাতক্ষীরায় শনিবার অর্ধদিবস হরতাল
দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড ঘোষণার পর সহিংসতায় নিহতের ঘটনায় শনিবার সাতক্ষীরায় হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
মানবতাবিরোধী অপরাধে বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদীর মৃত্যুদণ্ড হয়। এরপর ব্যাপক সহিংসতায় সাতক্ষীরাসহ সারাদেশে বহু হতাহতের ঘটনা ঘটে।
জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবারের সহিংসতার প্রতিবাদে জেলায় অর্ধদিবস হরতালের ডাকা হয়েছে।
জেলা প্রশাসক আনোয়ার হোসেন হাওলাদার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো জেলায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সাইদীর মৃত্যুদণ্ড ঘোষণার পর সাতক্ষীরায় জামায়াত-শিবির সমর্থকরা আওয়ামী লীগ অফিস ভাংচুর, নেতাকর্মীদের বাড়িঘর, সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরসহ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালিয়েছে।
সহিংসতায় চার জন নিহত হওয়ার কথা আগে বললেও শুক্রবার পুলিশ নয় জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে।
সদর থানার ওসি গাজী ইব্রহীম বলেন, বৃহস্পতিবার বিকালে বিজিবি-পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে সাতটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া যুবলীগ-ছাত্রলীগের দুই নেতাকর্মী নিহতের ঘটনায় সাতক্ষীরা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
