গাইবান্ধায় ফের হামলা, আরো দুই লাশ
গাইবান্ধার সুন্দরগঞ্জে আবারো হামলা চালিয়ে এক দোকানদারকে পিটিয়ে হত্যা করেছে জামায়াত-শিবির কর্মীরা।
উদ্ভূত পরিস্থিতিতে উপজেলা প্রসাশন সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব।
এছাড়া সুন্দরগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করেছে পুলিশ।
গাইবান্ধার পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম বলেন, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের গংসারহাট বাজারে জামায়াত-শিবির কর্মীরা দোকান ভাংচুর শুরু করে। বাধা দিতে দোকানদার শরিফুল ইসলাম রঞ্জুকে (৩৫) পিটিয়ে হত্যা করে তারা।
এ হামলায় আহত সাজু মিয়া (৩০), ফুল মিয়া (৫৫), সিদ্দিক হোসেন (৩০), নুরুজ্জামান মিয়া (৪০), আলম মিয়া (৩৮), মোজাফ্ফর মাস্টার (৪১) ও মোস্তফা মাস্টারকে (৪২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার জামায়াতের হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত পুলিশ কনস্টেবল তোজাম্মেল হক শুক্রবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম।
তোজাম্মেল রংপুরের পীরগাছা উপজেলার রহমতচর গ্রামের প্রয়াত আনছার আলীর ছেলে।
শুক্রবার জুমার নামাজ শেষে রংপুর পুলিশ লাইনে তোজাম্মেল হক এবং হযরত আলীর জানাজা হয়েছে। অন্য দুই কনস্টেবল বাবলু মিয়া এবং নাজিম উদ্দিনের জানাজা হয়েছে গাইবান্ধা পুলিশ লাইনে।
বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেয়ার পর বিকালে জামায়াত-শিবিরকর্মীরা সুন্দরগঞ্জের বামনডাঙ্গা রেল স্টেশনে হামলা চালায়।
এর পরই সংঘর্ষ বেঁধে যায় বলে স্থানীয়রা জানায়। সংঘর্ষের এক পর্যায়ে তারা বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে হামলা চালায়।
হামলায় বৃহস্পতিবারই তিন পুলিশ সদস্য নিহত হন। তোজাম্মেলসহ পাঁচ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ আব্দুল আজিজসহ ১০০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ২০ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
