২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁসির রায়ে বাবাকে স্মরণ আজম খানের মেয়ের

মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের দিনটি ছিল রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও দেশের পপসম্রাট আজম খানের ৬৩তম জন্মদিন।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2013, 12:11 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

তাই তার জন্মদিনে এমন একটি আনন্দের খবরে মুক্তিযোদ্ধা বাবার স্মৃতিকে আরো গভীরভাবে অনুভব করেছেন বড় মেয়ে ইমা খান।

তিনি বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমন দিনে বাবা বেঁচে থাকলে অনেক বেশি খুশি হতেন।”  

একাত্তরের মুক্তিসংগ্রামের সময় গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করতেন আজম খান। সঙ্গীত যুদ্ধের পাশাপাশি সামরিক প্রশিক্ষণ নিয়ে গেরিলা যুদ্ধেও অংশ নিয়েছিলেন তিনি।

বাবার সেই স্মৃতিগুলো স্মরণ করতে গিয়ে আবেগে কণ্ঠ ভারী হয়ে ওঠে ইমা খানের।

এইদিন আজম খানের জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছিল ‘আজম খান ফাউন্ডেশন’। অনুষ্ঠানে সারাদেশ থেকে পপগুরুর ভক্তদের আসার কথা ছিল। কিন্তু খারাপ পরিস্থিতির কারণে পরে তা বাতিল করা হয়।

একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে রাজাকারের ফাঁসির রায়টি কীভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ যুদ্ধাপরাধীদের বিচার চায়। তবে প্রকৃত যুদ্ধাপরাধীদেরকেই শাস্তি দিতে হবে।

“রায় ভালো হয়েছে সন্দেহ নেই। তাতে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে।”

“তবে রায়ের বাস্তবায়নের মধ্য দিয়েই জাতিকে বোঝাতে হবে, অপরাধীকে বাংলাদেশে কখনো রক্ষা করা হয় না,” বলেন ইমা।

আজম খানের জন্ম ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি। তার পুরো নাম মোহাম্মদ মাহবুবুল হক খান। মুক্তিযুদ্ধের সময় ঢাকায় সংঘটিত কয়েকটি গেরিলা অভিযানে অংশ নেন তিনি।

১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময়ে আজম খান ক্রান্তি শিল্পী গোষ্ঠীর সক্রিয় সদস্য ছিলেন এবং পাকিস্তানি শোষণের বিরুদ্ধে গণসঙ্গীত নিয়ে প্রতিবাদে শামিল হন।

বাবা আফতাব উদ্দিন খানের অনুপ্রেরণায় মুক্তিযুদ্ধে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন পপগুরু। যুদ্ধ শুরু হলে, পায়ে হেঁটে আগরতলা চলে যান ২১ বছরের ওই যুবক।

প্রশিক্ষণ শেষে ফিরে কুমিল্লার সালদা ও রাজধানীর বিভিন্ন স্থানে গেরিলা হামলায় অংশ নেন আজম খান। তার সবচেয়ে বড় যুদ্ধ ছিল ‘অপারেশন তিতাস’।

আজম খান ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১১ সালের ৫ জুন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।