সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেলেন নুরুল হুদা
‘যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ’ কাব্যের জন্য এবার সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন কবি মুহম্মদ নুরুল হুদা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাহিত্য সম্পাদক নুরুল হুদার সঙ্গে এ বছর সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কারের মূল শাখায় নির্বাচিত অন্যরা হলেন- প্রবন্ধে সিরাজুল ইসলাম চৌধুরী, উপন্যাসে বরেন চক্রবর্তী ও শিশু সাহিত্যে আমিরুল ইসলাম।
আর নুরুল হুদার ‘যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ’ কাব্য গ্রন্থটি প্রকাশ করেছে বিভাস প্রকাশনী।
এ পুরস্কারের তরুণ ক্যাটাগরিতে (জীবনের প্রথম বই) নির্বাচিতরা হলেন- মৃত্তিকা গুণ ও আশা নাজনীন। অনন্যা থেকে প্রকাশিত কবিতার বই ‘আমার আকাশে বৃষ্টি’র জন্য মৃত্তিকা এবং সূচিপত্র থেকে প্রকাশিত ‘শাশুড়ি পুরাণ’ উপন্যাসের জন্য আশাকে বেছে নেয়া হয়েছে।
বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বুধবার বইমেলা প্রাঙ্গণে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। মূল শাখায় পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে ৩০ হাজার টাকা ও ক্রেস্ট এবং তরুণদের প্রত্যেককে ১০ হাজার টাকা ও ক্রেস্ট দেয়া হবে। সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে ষষ্ট বছরের মতো এ পুরস্কার দেয়া হচ্ছে।
