পুলিশের অস্ত্র লুটে শিবির
বগুড়া ও নাটোরে হামলা চালিয়ে পুলিশের ছয়টি অস্ত্র ছিনিয়ে নিয়েছে ইসলামী ছাত্রশিবিরকর্মীরা।
বৃহস্পতিবার হরতালের মধ্যে দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর সহিংস শিবিরকর্মীরা এই কাজ করে বলে পুলিশ জানিয়েছে।
নাটোরের লালপুরে পুলিশের দুটি রাইফেল এবং বগুড়ার শহরের উপকণ্ঠে নিশ্চিন্তপুরে শটগানসহ চারটি অস্ত্র ছিনতাই হয়েছে।
নাটোরের পুলিশ সুপার নাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লালপুর উপজেলার কদিমচিলানে নাটোর-পাবনা মহাসড়কে শিবিরকর্মীরা টহল পুলিশের একটি পিকআপভ্যানে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
“পিকআপ থেকে নেমে পুলিশ সদস্যরা আত্মরক্ষায় কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ওই সময় শিবিরকর্মীরা দুই কনস্টেবলকে বেদম লাঠিপেটা করে এবং তাদের অস্ত্র ছিনিয়ে নেয়।”
পরে অতিরিক্ত পুলিশ ও দমকলকর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এই ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত শিবিরের আট নেতাকর্মীকে আটক করা হয়েছে।
ছিনিয়ে নেয়া অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে বলেও পুলিশ কর্মকর্তা নাহিদ জানান।
বগুড়া বাইপাস সড়কে নিশ্চিন্তপুরে পিকেটিংরত শিবিরকর্মীরা ছয় পুলিশ সদস্যকে বেদম মারধর করে অস্ত্র ছিনিয়ে নেয়।
মারধরে আহত পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল তাজুল, রবিউল, মাসুদ, সারোয়ার, কৃষ্ণ ও আজমল।
হামলার খবর পেয়ে টহল পুলিশের একটি গাড়ি গিয়ে তাদের উদ্ধার করে জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করে।
পুলিশ কর্মকর্তারা জানান, শিবিরকর্মীরা পুলিশের একটি শটগানসহ চারটি অস্ত্র ছিনিয়ে নেয়।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খোয়া যাওয়া একটি অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি। অন্যগুলো উদ্ধার হয়েছে।”
