২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কলঙ্কমুক্তির পথে এক ধাপ অগ্রগতি’

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের আদেশের পর উল্লাসে ফেটে পড়েছে শাহবাগে প্রজন্ম চত্বরে সমবেতরা।

রিয়াজুল বাশার

আশিক হোসেন, সুজন মণ্ডল, ফয়জুল সিদ্দিকী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2013, 09:09 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

প্রায় এক মাস ধরে যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া শাহবাহের আন্দোলনকারীরা এই রায়কে জাতিকে কলঙ্কমুক্ত করার পথে এক ধাপ এগিয়ে যাওয়া হিসেবে মনে করছেন।

বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণার পর এই ক্ষণকে উদযাপন করতে সবাইকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। রায়কে শহীদদের আত্মত্যাগের প্রতি উৎসর্গের ঘোষণা দেন তিনি।

এরপর সমবেতরা মিছিল নিয়ে যান শহীদ মিনারে। সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ছাত্র-জনতা। শপথ নেন সব যুদ্ধাপরাধীর ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার। এ সময় শহীদ মিনার থেকে টিএসসি পর্যন্ত সড়ক ছিল লোকে লোকারণ্য।

শহীদ মিনারে প্রায় ১৫ মিনিট অবস্থানের পর আবার মিছিল নিয়ে শাহবাগের প্রজন্ম চত্বরে যান তারা।

মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ প্রমাণিত হওয়ায় সাঈদীকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। প্রমাণিত অভিযোগগুলোর মধ্যে হত্যা, লুণ্ঠন, নির্যাতনের মতো অপরাধ রয়েছে।

রায় ঘোষণার পর ফুল ছিটিয়ে আনন্দ প্রকাশ করেন গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা। জাতীয় পতাকা তুলে ধরে দেশের জন্য লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অনেকে।

সকালে জামায়াতে ইসলামীর ডাকা হরতাল প্রতিরোধে রাজধানীতে মিছিল করে গণজাগরণ মঞ্চ। মিছিলে ছিল হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

গণজাগরণ মঞ্চের ডাকে সাড়া দিয়ে সকাল ১০টা ৫০ মিনিটে শুরু হওয়া ওই  বিক্ষোভ মিছিলে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

Image
রয়ের পর শাহবাগে উচ্ছ্বাস

রয়ের পর শাহবাগে উচ্ছ্বাস

‘রাজাকারের হরতাল প্রত্যাখ্যান করুন’ লেখা ব্যানার নিয়ে পল্টনের দিকে যাত্রা করে ছাত্র-জনতার এ মিছিল। এরপর জাগরণের এই মিছিল মৎস্যভবন, পল্টন, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজারের যায়। বেলা পৌনে ১১টায় মগবাজারে একাত্তরে যুদ্ধাপরাধে জড়িত দল জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় অত্রিক্রম করে মিছিলটি। সেখান থেকে বাংলামোটর হয়ে শেরাটন হোটেলের পাশ দিয়ে ফিরে আসে শাহবাগের গণজাগরণ মঞ্চে।

মিছিলটি রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণের সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো জনতা মিছিলের স্লোগানে কণ্ঠ মেলাতে থাকেন। তাদের অনেকেই শামিল হন এই গণজাগরণের মিছিলে। সেই সঙ্গে বাড়তে থাকে মিছিলের দৈর্ঘ্য।  

‘যুদ্ধাপরাধীর ফাঁসি চাই’ স্লোগানে প্রকম্পিত এ মিছিলের সামনে ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের পতাকা হাতে একজন মুক্তিযোদ্ধা। তার পরে বিভিন্ন ছাত্র ও সাংস্কৃতিক সংগঠনের নেতাবৃন্দ ও ব্লগাররা মিছিলের নেতৃত্ব দেন।

বুধবার রাতভর অবস্থানের পর বৃহস্পতিবার ভোরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় জাগরণ মঞ্চের বিক্ষোভ। গণমিছিলে যোগ দিতে সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে শাহবাগে আসতে থাকে বিভিন্ন শ্রেণির মানুষ।

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির সঙ্গে ঢোল বাজিয়ে জনতা কণ্ঠ মেলায় স্লোগানে- ‘গাড়ির চাকা ঘুরেছে/দোকানপাট খুলেছে’; ‘রাজাকারের হরতাল/মানি না, মানব না’; ‘অবৈধ হরতাল মানি না, মানব না।’

পুরনো খবর:

‘এবার নতুন পথচলা’