বইমেলায় ‘দেয়াল’ এর ৪র্থ সংস্করণ
প্রকাশের এক সপ্তাহের মাথায় হুমায়ূন আহমেদের শেষ উপন্যাস ‘দেয়াল’ এর চতুর্থ সংস্করণের বিক্রি চলছে একুশের বইমেলায়।
প্রয়াত এই কথাসাহিত্যিকের লেখা নিয়ে সংকলন ‘হিজিবিজি’ এবং মেলার শেষ সপ্তাহে বাজারে আসা তার শেষ উপন্যাস ‘দেয়াল’ বিক্রি হচ্ছে দেদারসে। এই লেখকের বইয়ের কাটতির পরেই আছে তারই সহোদর মুহম্মদ জাফর ইকবালের বই।
বইমেলা শেষ হতে আর বাকি মাত্র একটি দিন। এরই মধ্যে অনেকেই হিসেবে কষতে বসেছেন মেলায় বিক্রির শীর্ষে থাকবেন কোন লেখক। কোন বইটি পাঠক কিনেছেন অদম্য আগ্রহ আর উন্মাদনা নিয়ে।
এ বিষয়ে হুমায়ূন আহমেদের ‘দেয়াল’ এর প্রকাশক মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেলার শুরু থেকেই ‘হিজিবিজি’র বিক্রি খুবই ভালো। বইটির চতুর্থ সংস্করণ বিক্রি হচ্ছে। এদিকে ২০ ফেব্রুয়ারি মেলায় আসা স্যারের [হুমায়ূন] শেষ উপন্যাস ‘দেয়াল’ এর চতুর্থ সংস্করণ বিক্রি প্রায় শেষের দিকে।”
তিনি আরো জানান, অনেকেই প্রতি সংস্করণে পাঁচশ’ বা এক হাজার বই মেলায় আনেন। অন্যপ্রকাশ হুমায়ূন আহমেদের বইগুলোর একেকটি সংস্করণে পাঁচ হাজার করে বই করেছে। সে হিসেবে এবারের মেলায় এই বই দুটি হয়তো ‘সর্বাধিক বিক্রিত’ বইয়ের তালিকায় থাকবে বলে মনে করেন তিনি।
এদিকে তাম্রলিপি ও মওলা থেকে প্রকাশিত হয়েছে মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস ‘ইস্টিশন’ ও ‘গাব্বু’। তাম্রলিপির তারিকুল ইসলাম রনি জানান, এরই মধ্যে ‘ইস্টিশন’-এর অষ্টম সংস্করণের বিক্রি চলছে।
তিনি বলেন, আনিসুল হকের লেখা হুমায়ূন আহমেদকে নিয়ে স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘দক্ষিণ হাওয়ার দক্ষিণ বারান্দায়’, তরুণদের মধ্যে অপলা খন্দকার-এর ‘আঁটসাঁট জীবন’, শাহ আলম সাজুর ‘ফেল্টু বাহিনী’র বিক্রিও ভালো।
এছাড়া মেলায় ভালো বিক্রি হচ্ছে আনিসুজ্জামান, মুনতাসির মামুন, সৈয়দ শামসুল হক, ইমদাদুল হক মিলন, আনিসুল হক, রাকিব হাসান, মোহিত কামাল, শাকুর মজিদ, বদরুদ্দীন উমর, সুমন্ত আসলাম, মাসরুর আরেফিন অনূদিত ‘ফ্রানৎস কাফকা গল্পসমগ্র’, মুক্তিযুদ্ধ বিষয়ক বই এবং প্রয়াত হুমায়ূন আহমেদকে নিয়ে লেখা অন্যদের স্মৃতিচারণমূলক বইও।
মেলায় বরাবরই বিক্রির শীর্ষে থাকা বাংলা একাডেমী’র অভিধান ও প্রমিত বাংলা ব্যাকরণ বেশ ভালো বিক্রি হচ্ছে। এছাড়া ‘প্রমিত বাংলা বানানের নিয়ম’ ও ‘ফেরদৌসীর শাহনামা সমগ্র’ ভালো বিক্রি হচ্ছে। তরুণ লেখকদের মধ্যে তৌহিদুর রহমান, পূরবী বসুর বইয়ের বিক্রি ‘সন্তোষজনক’ বলে জানিয়েছেন প্রকাশকরা।
পাঠক সমাবেশ-এর একজন বিক্রয়কর্মী জানালেন, তাদের প্রকাশিত ‘ফ্রানৎস কাফকা গল্পসমগ্র’ এর বিক্রি খুবই ভালো। এছাড়া ‘লালন সমগ্র’ বিক্রি হচ্ছে বেশ ভালোই। কাফকার ছোটগল্পের তিনটি সংকলনও পাঠকরা কিনছেন।
ঐতিহ্য’র ব্যবস্থাপক আমজাদ হোসেন কাজল জানান, ‘উকিল মুন্সির গান’, বুলবুল সরওয়ারের ‘নীল যমুনার জল’ অনুবাদগ্রন্থ ‘দ্য অ্যাডভেঞ্চার অব হাকলবেরি ফিন’ পাঠকরা চাইছেন।
সূচিপত্র’র প্রধান নির্বাহী সাঈদ বারী বলেন, “বর্তমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক অবস্থার প্রভাব এবারের বইমেলায় পড়েছে। এরই মাঝে বইপ্রেমীরা মেলা থেকে বই কিনেছেন এটা খুবই বড় বিষয়। আমাদের এখান থেকে প্রকাশিত নবীন লেখক আশা নাজনীনের ‘শ্বাশুড়িপুরাণ’-এর সহস্রাধিক কপি বিক্রি হয়েছে।”
এছাড়া গোলাম মওলা রনির ‘নির্বাচিত কলাম’ এর বিক্রি ভালো বলে জানালেন তিনি।
‘অবসর’ এর ব্যবস্থাপক মাসুদ রানা জানান, হুমায়ূন আহমেদের পুরনো বইয়ের কাটতি ভালো। এর মধ্যে হুমায়ূন আহমেদের ‘সায়েন্স ফিকশন সমগ্র’ ও ‘মিসির আলী অমনিবাস’ বেশি বিক্রি হচ্ছে।
অনন্যা’র স্টলে বিক্রি ভালো ইমদাদুল হক মিলনের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’, ‘পাঁচ নায়িকা’ এবং তৌহিদুর রহমানের ‘বসন্ত কারাগারে’র। এছাড়া ‘মটকু মিয়ার গার্লফ্রেন্ড’র দ্বিতীয় সংস্করণের বিক্রি ভালো বলে জানান বিক্রয়কর্মী সাইদুল ইসলাম।
আগামীর স্টলে বিক্রি ভালো হাসনাত আবদুল হাইয়ের ‘ইউটোপিয়া’ ও ‘নটে গাছটি’, তসলিমা নাসরিনের ‘ব্রহ্মপুত্রের মেয়ে’, ও ‘নারীর কোন দেশ নাই’, বশীর আল হেলালের ‘আনারসের হাসি’র।
জাগৃতির স্টলে বদরুদ্দীন উমরের প্রবন্ধগ্রন্থ ‘বাংলাদেশের রাজনীতি’, ‘বাংলাদেশে দুর্নীতি’ ও সিরাজুল ইসলামের ‘রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের মতই’ এর বিক্রি ভালো বলে জানালেন ব্যবস্থাপক আলাউদ্দীন।
ইত্যাদির ম্যানেজার প্রদীপ সীমান্ত বলেন, সৈয়দ শামসুল হকের উপন্যাস ‘কেরানিও দৌড়েছিলো’, হাসান আজিজুল হকের ‘চিন্তনকণা’, সেলিনা হোসেনের ‘ভাষা মুক্তিযুদ্ধ সাহিত্য সংস্কৃতি’, নবীন লেখক আবু জাফর খান এর ‘কুমারীর অনন্ত বাসনা’ বিক্রি হচ্ছে বেশ।
বিনোদন জগতের তারকাদের বই প্রকাশ করেছে শব্দশিল্প। এর প্রকাশক শরীফুর রহমান বলেন, “বিদ্যা সিনহা মিম-এর উপন্যাস ‘পূর্ণতা’ বিক্রি হয়েছে দুই হাজার কপির বেশি। শেষ সপ্তাহে মেলায় আসা রুমানা রশিদ ঈশিতার ‘নীরবে’, তৌকির আহমেদের নাটকের বই ‘ইচ্ছামৃত্যু’র বিক্রিও ভালো।
সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার ঘোষণা
ষষ্ঠ বছরের মতো সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন- ‘ক’ শাখায় প্রবন্ধে অন্বেষা থেকে প্রকাশিত সিরাজুল ইসলাম চৌধুরীর ‘রাষ্ট্রতন্ত্রে সমাজদ্রোহিতা’, উপন্যাসে প্রতীক থেকে প্রকাশিত বরেন চক্রবর্তীর ‘দূরবর্তিনী; কবিতায় বিভাস প্রকাশিত কবি মুহম্মদ নুরুল হুদার ‘যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ’ এবং শিশু সাহিত্যে শব্দশৈলী প্রকাশিত আমিরুল ইসলামের ‘কোনালের বাবা বন্ধু ও অন্যান্য গল্প’।
খ’ শাখায় তরুণ ক্যাটাগরিতে (জীবনের প্রথম বই) অনন্যা থেকে প্রকাশিত মৃত্তিকা গুণের কবিতার বই ‘আমার আকাশে বৃষ্টি’ ও সূচিপত্র থেকে প্রকাশিত আশা নাজনীন-এর উপন্যাস ‘শাশুড়ি পুরাণ’ পুরস্কার পেয়েছে।
পুরস্কার ঘোষণা করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। এই পুরস্কারের অর্থমূল্য ক শাখায় প্রতিটি ৩০ হাজার টাকা এবং খ শাখায় প্রতিটি ১০ হাজার টাকা।
২০ খণ্ডে বদরুদ্দীন উমর রচনাসংগ্রহ
লেখক-কলামিস্ট বদরুদ্দীন উমরের রচনাসংগ্রহ ২০ খণ্ডে আগাম বুকিং নিচ্ছে শ্রাবণ প্রকাশনী। এবারের গ্রন্থমেলায় অগ্নিকান্ডের কারণে আগাম বুকিংয়ের জন্য আরো এক মাস সময় বাড়িয়েছে শ্রাবণ প্রকাশনী।
শ্রাবণের রবীন আহসান জানান, পাঠক ও ক্রেতাদের সুবিধার্থে পুরো মার্চজুড়ে তাদের স্থায়ী দোকান আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটের দোতলায় বুকিং দেয়া যাবে। মাত্র আট হাজার টাকায় বিশ খন্ডের রচনাসংগ্রহ প্রতি বছর পাঁচ খন্ড করে পাঠকের হাতে তুলে দেয়া হবে।
মোড়ক উন্মোচন
নজরুল মঞ্চে বুধবার মোট ১৪টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এর মধ্যে শ্রাবণ প্রকাশনীর সামনে প্রয়াত সাংবাদিক মিনার মাহমুদের রচনা সমগ্র-০১ এর মোড়ক উন্মোচন করেন সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান। এসময় সাংবাদিক মেহেদী হাসান ও প্রকাশক রবীন আহসান উপস্থিত ছিলেন।
নবরাগ প্রকাশিত লুৎফুন নাহার লোপার কবিতার বই ‘অন্ধকার ডেকে যায় ভোর’-এর মোড়ক উন্মোচন করেন কবি ভাস্কর রাশা ও কবি আল মুজাহিদী। অধ্যাপক ড. মুকুল বন্দ্যোপাধ্যায় মোড়ক উন্মোচন করেন ইরফান চৌধুরীর ‘একুশের চেতনায় স্বাধীনতা’র।
‘হুমায়ূন ছিলেন এক নিমগ্ন শিল্পী’
এবার একুশে বইমেলা উৎসর্গ করা হয়েছিলো হুমায়ূন আহমদকে। বুধবার ২৭তম দিনে মেলার মূল মঞ্চে অনুুিষ্ঠত হয় তাকে নিয়ে আলোচনা সভা। এতে ‘প্রিয় হুমায়ূন আহমেদ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কথাশিল্পী ইমদাদুল হক মিলন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক’র সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, প্রকাশক মাজহারুল ইসলাম এবং স্থপতি শাকুর মজিদ। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো কথাসাহিত্যিক পূরবী বসুর ‘হুমায়ূনের কথা ভেবে’ শীর্ষক লেখা পাঠ করা হয়।
শামসুজ্জামান খান বলেন, “হুমায়ূন আহমেদের হাত ধরে বাংলাদেশের বইয়ের প্রতি তরুণ পাঠকদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। বাংলা একাডেমী শীঘ্রই এই শক্তিমান লেখকের মূল্যায়নভিত্তিক স্মারকগ্রন্থ প্রকাশ করবে এবং স্মারক বক্তৃতার আয়োজন করবে।”
হুমায়ূন আহমেদ স্মরণে সন্ধ্যায় প্রদর্শিত হয় তার মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’।
নতুন বই
একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, মেলার ২৭তম দিনে নতুন বই এসেছে ১১৪টি। এর মধ্যে গল্প ১০টি, উপন্যাস ২১টি, প্রবন্ধ ৮টি, কবিতা ৩৭টি, গবেষণা ৫টি, ছড়া ২টি, শিশুতোষ ১টি, জীবনী ৫টি, মুক্তিযুদ্ধ ২টি, ভ্রমণ ১টি, ইতিহাস ১টি, রাজনীতি ২টি, ধর্ম বিষয়ক ১টি, অনুবাদগ্রন্থ ২টি এবং অন্যান্য বিষয়ের উপর ১৫টি বই।
অন্যপ্রকাশ এনেছে মাজহারুল ইসলামের ‘হুমায়ূন আহমেদের সাথে ৯ রাত’, সৈয়দা শারমীন আক্তারের ‘পুষ্টি নাসা’, অবসর প্রকাশ করেছে মুহাম্মদ নুরুল হুদার ‘এক যে ছিল হুমায়ূন’, জাগৃতি এনেছে মাহবুব মোর্শেদের ‘অর্ধেক জাগ্রত রেখে’, বিজয় প্রকাশ এনেছে শহীদ সাবেরের ‘ক্ষুদে গোয়েন্দার অভিযান’, কথা প্রকাশ নির্মলেন্দু গুণের ‘নির্গুণের মুখপঞ্জি ও কাশবনের গল্প’ ও সৈয়দ আবুল মকসুদের ‘নির্বাচিত প্রবন্ধ’, কাকলী থেকে এসেছে ফারজানা ঊর্মির ‘স্বপ্ন সখা’, সুমন্ত আসলামের ‘জিনিয়াস জিনিয়ান’ ও ‘স্বপ্নচারিণী’, রিদম শাহেদ জাহেদীর ‘যুদ্ধদিনের বর্বরতা’, জিনিয়াস পাবলিকেশন্স থেকে শাহেদ জাহেদীর ‘হাটব্রেকিং নিউজ’, শব্দশৈলী এনেছে পূরবী বসুর ‘সাহিত্যে নোবেল বিজয়ী নারীরা’, বাংলা প্রকাশ নিয়ে এসেছে আলী ইমামের ‘পাতাপুতি’, সময় প্রকাশন প্রকাশ করেছে ফারজানা ঊর্মির ‘আমার আকাশ নীলে’, অয়ন এনেছে সৈয়দ শামসুল হকের ‘আনু বড় হয়’, অনিন্দ্য প্রকাশনী এনেছে মোকারম হোসেনের ‘জীবনান্দ দাশের রূপসী বাংলার পুষ্প বৃক্ষ’, আখতার হুসেনের ‘আমার দুটো ডানা’, অনন্যা এনেছে সোহরাব পাশার ‘মুক্তিযুদ্ধের কবিতা’, আবেদ খান ও শুভ রহমানের ‘জীবনের কবিতা জীবনযুদ্ধের কবিতা’, বইপত্র এনেছে হাসান শাহরিয়ারের ‘বালির ঘর’, ঐতিহ্য এনেছে কাইজার চৌধুরীর ‘ছ’টা গল্পের ছটা’, গোলাম শফিকের ‘শঙ্খমানবী’, শুদ্ধস্বর এনেছে মাহমুদ আল জামানের ‘জয়নুল সফিউদ্দিন কামরুল অন্যান্য’ ও শামসুজ্জামান খানের ‘সাম্প্রতিক ফোকলোর’।
সমাপনী অনুষ্ঠান
বৃহস্পতিবার মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান। এতে স্বাগত বক্তব্য দেবেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। শুভেচ্ছা বক্তব্য দেবেন ব্র্যাক ব্যাংকের প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান ও স্টেপ মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা তৌহিদ খান।
বইমেলার প্রতিবেদন উপস্থাপন করবেন মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব শাহিদা খাতুন।
অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি সচিব সুরাইয়া বেগম।
এতে সেরাগ্রন্থের জন্য প্রকাশককে ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার’ ও সর্বাধিক সংখ্যক মানসম্মত গ্রন্থ প্রকাশের জন্য ‘শহীদ মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’ প্রদান করা হবে। সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
