ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার সাঈদীর মামলার রায় হবে। এদিন হরতাল ডেকেছে তার দল জামায়াতে ইসলামী।
হরতালের আগের দিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীতে অন্তত দুটি গাড়ি পোড়ানো হয়েছে। কয়েকটি স্থানে বোমাবাজিও হরতাল সমর্থকরা করেছে বলে পুলিশ জানিয়েছে।
রায়ের দিন বৃহস্পতিবার সকাল থেকেই ট্রাইব্যুনাল সংলগ্ন এলাকাগুলোতে বাড়তি পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা বিভাগের কর্মকর্তারাও দায়িত্বে থাকবেন।
ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউটর ও সাক্ষীদের নিরাপত্তার সংক্রান্ত কমিটির সভাপতি ও পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) বিনয়কৃষ্ণ বালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
আগেরগুলোর মতো সাঈদীর মামলার রায়ের আগেও ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত রাখতে পুলিশকে বলেছে বলে জানান তিনি।
“আমরা ঢাকা মহানগর পুলিশকে বাড়তি নিরাপত্তার প্রয়োজনীয়তার ব্যাপারটি জানিয়েছি।
বৃহস্পতিবার সকাল থেকেই ট্রাইব্যুনাল সংলগ্ন এলাকাগুলোতে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।”
ট্রাইব্যুনালে নিরাপত্তার ব্যবস্থা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ত্রুটি থাকবে না, বলেন এই পুলিশ কর্মকর্তা।
