‘কোম্পানির কাজে অযোগ্য পরিচালক নয়’
কোম্পানির কাজে ‘অযোগ্য পরিচালকদের’ অংশগ্রহণ না করার নির্দেশনা দিয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এ আদেশ দেয়।
আগামী ১৩ মার্চ এই রিটের পরবর্তী শুনানির দিন ধার্য্য করে ওইদিন পর্যন্ত সময়ের জন্য অন্তর্বর্তী এই আদেশ দেয়া হয়।
পাশাপাশি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) জারি করা দুটি নোটিফিকেশনের অংশবিশেষ বাস্তবায়ন কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়।
এ ছাড়া শতকরা দুই ভাগ শেয়ার ধারণে ব্যর্থ দুই বিবাদীসহ অন্যদের সংশ্লিষ্ট কোম্পানি থেকে অপসারণে বিবাদীদেরকে কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তাও জানতে চায় আদালত।
আগামী ১০ দিনের মধ্যে অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং পরিদর্শন বিভাগের জিএম, বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশনের জিএম, চেয়ারম্যান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, বিএসইসির ইনফোর্সমেন্ট বিভাগের নির্বাহী পরিচালক, সিএমআরআরসি বিভাগের নির্বাহী পরিচারক, ঢাকা স্টক অ্যাক্সচেঞ্জ লিমিটেড, চিটাগাং স্টক অ্যাক্সচেঞ্জ লিমিটেড, সোস্যাল ইসলামি ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন, ব্যারিস্টার মোরসেদ আলম খান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।
