ফরিদপুরে হত্যার দায়ে কৃষকদল নেতার যাবজ্জীবন
ফরিদপুরে কলেজছাত্রীকে হত্যার দায়ে এক কৃষকদল নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরো ছয়মাসের সশ্রম কারাভোগ করতে হবে।
সোমবার ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডিত সাইদুর রহমান আসাদ ওরফে আসাদ মেম্বার (৩৮) জেলা কৃষকদলের সহ-সভাপতি।
অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার দুই আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
ফরিদপুরের সরকারি কৌঁসুলি (পিপি) খসরুজ্জামান দুলু বলেন, ফরিদপুর সদর উপজেলার উত্তর সাদিপুর এলাকার সিঙ্গাপুর প্রবাসী লুৎফর রহমানের স্ত্রী ও সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্রী কেয়া আফরোজ পারভীনকে ২০০৯ সালের ৯ মার্চ রাতে সাইদুর রহমান আসাদ ও তার সহযোগীরা হত্যা পর ফরিদপুর জেনারেল হাসপাতালে ফেলে পালিয়ে যায়।
পরদিন নিহতের ভাই লিটন ভূঁইয়া বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় সাইদুর রহমান আসাদ ও তার দুই সহযোগী শহীদ খান ও আখতার খানকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
