২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

রাজশাহীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় পদ্মা নদীতে ঝাঁপিয়ে পড়া এক মাদ্রাসা ছাত্রের লাশ পাওয়া গেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 11:04 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

সোমবার সকালে নগরীর পঞ্চবটি কেদুর মোড় এলাকায় রাসেদুল ইসলাম রাসেলের (২১) লাশ পাওয়া যায়। রাসেল নগরীর জিন্নানগর এলাকার আনয়ারুল হকের ছেলে।

তিনি সুলতানাবাদ এলাকার দারুল হাদীছ আল জামিয়া আল ইসলামিয়া আল্লামা মোহাম্মাদ মিয়া কাশেমী (রহ.) মাদ্রাসার জামাতে হাফতুম শ্রেণির (৯ম শ্রেণি) ছাত্র বলে পুলিশ জানিয়েছে।

বোয়ালিয়া থানার ওসি জিয়াউল হক জিয়া বলেন, শুক্রবার পদ্মা নদী ঝাপ দিয়ে নিখোঁজ হয় রাসেল। সোমবার সকালে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দেয়।

মাদ্রাসার পরিচালক মাওলানা সলিমুদ্দিন কাশেমী বলেন, শুক্রবার জুম্মার নামাজের পর সংঘর্ষের সময় পুলিশের তাড়া খেয়ে মাদ্রাসার শিক্ষক মনিরুল ইসলাম এবং দুই ছাত্র আবু জাহেদ ও রাসেদুল ইসলাম রাসেল পদ্মা নদীতে ঝাপ দেন। শিক্ষক মনিরুল ইসলাম ও আবু জাহেদ পদ্মার পাড়ে উঠে এলেও রাসেল পানিতে ডুবে যান।