২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুদামে জায়গা নেই, আকাশের নিচে সার

প্রয়োজনীয় ধারণ ক্ষমতার গুদাম না থাকায় জয়পুরহাটে প্রতি বছর হাজার হাজার মেট্রিক টন সার খোলা জায়গায় পড়ে থাকে।

মোমেন মুনি

প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 08:31 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

সংশ্লিষ্টরা জানান, এতে সংরক্ষণের জন্য নির্ধারিত তাপমাত্রার অভাবে সারের গুণগত মান যেমন বজায় থাকছে না; আবার রোদ-বৃষ্টিতে নষ্টও হচ্ছে ।

এজন্য ডিলাররা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন-বিসিআইসিকে দায়ী করলেও; কর্তৃপক্ষ বলছে, ডিলাররা সময়মতো সার তুলে নিলেই সমস্যা কেটে যাবে।

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বাফা) এর গুদাম সূত্রে জানা গেছে, জয়পুরহাটে ২ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার গুদামে বর্তমানে সার আছে প্রায় সাড়ে ৫ হাজার মেট্রিক টন।

জেলার ৮২ হাজার হেক্টর ফসলি জমির জন্য গড়ে প্রতি বছর সার বরাদ্দ হয় ৫০-৫৫ হাজার মেট্রিক টন। চলতি বোরো মৌসুমে সার বরাদ্দ হয়েছে সাড়ে ১৪ হাজার মেট্রিক টন। যা জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে ডিলাররা গুদাম থেকে উত্তোলন করে কৃষকদের হাতে পৌঁছাবেন।

কিন্তু সরজমিনে দেখা যায়, এখনো গুদামের বাইরে ত্রিপলে ঢাকা অবস্থায় প্রায় সাড়ে ৬ হাজার মেট্রিক টন সার খোলা জায়গায় পড়ে আছে।

জয়পুরহাট বাফার গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল্লাহ সরকার বলেন, এটা সাময়িক সমস্যা, সময়মতো ডিলাররা সার উত্তোলন করলে এ সংকট কেটে যাবে।

তবে জয়পুরহাট জেলা সার মালিক সমিতির সাধারণ সম্পাদক মশিউল ইসলাম মোল্লা অভিযোগ করেন, ১৫/২০ বছর ধরেই এ সমস্যা আছে। সমস্যার মূল কারণ প্রয়োজনীয় ধারণ ক্ষমতার গুদামের অভাব।

“খোলা আকাশের নিচে সার থাকায় প্রায় সময়েই তা বৃষ্টিতে ভিজে। এছাড়া রোদ-বৃষ্টির কারণে সারের গুণগত মান নষ্ট হয়।”

তিনি জয়পুরহাটে চাহিদামতো গুদাম নির্মাণের জন্য বিসিআইসির দৃষ্টি আকর্ষণ করেন।

খোলা আকাশের নীচে সার থাকায় ঝড়-বৃষ্টিতে গুণগতমানের তারতম্য হতে পারে বলে স্বীকার করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দেলবর হোসেন।