২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় জামায়াত কার্যালয়ে আগুন

বগুড়ায় জেলা জামায়াতের কার্যালয়ে আসবাবপত্রসহ বিভিন্ন কাগজপত্র ও বই পুড়ে গেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 07:31 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

বগুড়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা সোহেল রানা জানান, আগুন লাগার খবর পেয়ে সোমবার ভোর ৫ টার দিকে গিয়ে আগুন নেভানো হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শর্ট-সার্কিট থেকে আগুন লেগেছে।

তবে জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক নাজিম উদ্দিন অভিযোগ করেন, যারা গত কয়েকদিন আগে যুদ্ধাপরাধীদের বিচার দাবি ও শহর জামায়াতের অফিসে হামলা করে আগুন দেয়ার চেষ্টা করেছে তারাই এ ঘটনা ঘটিয়েছে।

ভবনের নৈশপ্রহরী আব্দুল মজিদ জানান, ভোর ৪টার দিকে ধোঁয়ায় ঘুম ভেঙে যাওয়ার পর দেখেন আগুন লেগেছে। তখন ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে তারা এসে আগুন নেভায়।

আগুনে স্টোর রুমে রাখা একটি মোটরসাইকেল, আসবাবপত্র ও পাশের প্রচার ও প্রকাশনা বিভাগের বই পুড়ে গেছে বলেও তিনি জানান।

বগুড়া সদর থানার ওসি সৈয়দ শহিদ আলম জানান, ভোর রাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে অফিসের লোকজন অভিযোগ করছে বাইরে থেকে কে বা কারা জানালা দিয়ে আগুন দিয়েছে।

বগুড়া প্রজন্ম মঞ্চের সম্বনয়ক ও সেক্টর ফোরাম জেলা শাখার সভাপতি মাসুদর রহমান বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনকারীরা অহিংস রাজনীতি করছে। বরং জামায়াত নিজেরা আগুন লাগিয়ে দিয়ে সাধারণ মানুষের দৃষ্টিকে ঘোরানো চেস্টা করছে।