চট্টগ্রামে হরতালে সরব জাগরণের মঞ্চ
হরতাল প্রত্যাখ্যান করে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চে হাজারো মানুষ জড়ো হয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সরব হয়েছে।
রোববার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরের গণজাগরণ মঞ্চে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিভিন্ন গান ও স্লোগান দেয় তরুণ-তরুণীসহ বিভিন্ন পেশা ও শ্রেণীর হাজার মানুষ।
এর আগে সকালে গণজাগরণ মঞ্চের উদ্যোগে প্রেসক্লাব চত্বর থেকে হরতালবিরোধী মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও জাগরণ মঞ্চে ফিরে আসে।
এতে সাংস্কৃতিক, সামাজিক ও ছাত্রসংগঠনসহ বিভিন্ন পেশা ও শ্রেণীর হাজার হাজার লোকজন অংশ নেয়।
কয়েকটি ইসলামী সংগঠনের ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতালে চট্টগ্রামে কোনো পিকেটারকে দেখা যায়নি। হরতালবিরোধী মিছিলই চোখে পড়েছে।
সন্ধ্যায় জাগরণ মঞ্চের পাশে কিছু তরুণ ও কিশোর একাধিক মশাল জ্বালিয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানায়। এ সময় মোমবাতিও প্রজ্জ্বলন করা হয়।
একই সাথে যুদ্ধাপরাধের ফাঁসি, জামায়াত-শিবিরের রাজনীতি ও তাদের বিভিন্ন প্রতিষ্ঠান নিষিদ্ধের দাবিতে জাগরণ মঞ্চের নির্দিষ্ট বুথে শত শত মানুষ স্বাক্ষর করেছে।
সমমনা ১২টি ইসলামী দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রাজপথে পিকেটারদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ভারি যানবাহন চলেছে।
চট্টগ্রাম বন্দরে স্বাভাবিক কাজ হয়েছে যথারীতি, চট্টগ্রাম ইপিজেডের সব তৈরি পোশাক কারখানাতেও কাজ হয়েছে।
