২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর তাগিদ

পোশাক শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 02:54 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

নগরীর স্মার্ট ফ্যাশন গার্মেন্টেসে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের সদস্যদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

স্থানীয় রপ্তানিকারক ও বিদেশি ক্রেতারা এই ক্ষতিপূরণের তহবিল গঠন করে।

প্রধানমন্ত্রী বলেন, “বর্তমান সরকার গার্মেন্ট শ্রমিকদের কল্যাণ ও তাদের কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অব্যাহত প্রয়াস চালিয়ে যাচ্ছে। বিগত চার বছরে বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮২ শতাংশ বেড়েছে।"

শেখ হাসিনা বলেন, সরকার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়া এবং সম্ভাব্য কম সময়ের মধ্যে উদ্ধার কাজ শুরু করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সংস্থাকে শক্তিশালী করেছে।

ক্রেতাদের সংগঠন ইন্ডাস্ট্রি অল-গ্লোবাল ইউনিয়ন এবং রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ তহবিল থেকে নিহত গার্মেন্টস শ্রমিকদের প্রত্যেক পরিবারকে ১২ লাখ ৪৯ হাজার টাকা দেয়া হবে। এর মধ্যে বিজিএমইএ, বিকেএমইএ দু্ই লাখ করে টাকা দেবে এবং অবশিষ্ট টাকা দেবে ইন্ডাস্ট্রি অল-গ্লোবাল ইউনিয়ন।

আহত প্রত্যেক গার্মেন্ট শ্রমিককে ৫ লাখ টাকা দেয়া হবে।

প্রধানমন্ত্রী নিহত ৫ শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন।

ইন্ডাস্ট্রি অল-গ্লোবাল ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ইওরকি রাইনা, বিজিএমইএর সভাপতি শাফিউল ইসলাম ও ইন্ডাস্ট্রি অলের সুদর্শন রাও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন।
নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ইন্ডাস্ট্রি অলের বাংলাদেশ চ্যাপ্টার, বিজিএমইএ ও বিকেএমইএ -এর নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চলতি বছরের ২৬ জানুয়ারি স্মার্ট ফ্যাশন গার্মেন্টেসে অগ্নিকাণ্ডে ৮ শ্রমিক নিহত ও অপর ২০ জন আহত হয়।