প্রবাসী ছাত্রের লাশ আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
জর্জিয়ায় জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর ১০ দিন কেটে গেলেও দেশে ফেরত আসেনি নাটোরের রাকিবুল ইসলামের লাশ।
রাকিবুল নাটোর সদর উপজেলার ধামনপাড়া গ্রামের আজমত আলীর ছেলে। জর্জিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছিলেন ২২ বছরের এই তরুণ। গত ১৫ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কিন্তু জর্জিয়ায় বাংলাদেশের দূতাবাস না থাকায় আইনি জটিলতা এবং অর্থ সংকটের কারণে রাকিবুলের লাশ ফেরত আনা সম্ভব হচ্ছে না বলে তার সহপাঠী সালাউদ্দিন জানান।
ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “জর্জিয়ায় বাংলাদেশের কোনো দূতাবাস নাই। তাই মৃতদেহ পাঠানোর ব্যাপারে আইনি জটিলতা সৃষ্টি হয়েছে। জটিলতা কাটাতে ও হিমাগারে রাখার খরচ বাবদও বিপুল পরিমাণ টাকার দরকার, যা আমাদের পক্ষে মেটানো সম্ভব হচ্ছে না।”
পরিবারের পক্ষ থেকেও এতো টাকা যোগাড় করা সম্ভব নয় বলে জানান রাকিবুলের বাবা আজমত আলী।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর সহযোগিতা ছাড়া ছেলের লাশ আমরা আনতে পারবো না।”
রাকিবুলের লাশ ফেরত আনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের আশ্বাস দিয়েছেন নাটোরের জেলা প্রশাসক মো. জাফরউল্লাহ।
তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশারফ হোসেন বলেন, “রাকিবুল ইসলাম আমার মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশে যাননি। তাই তার ব্যাপারে মন্ত্রণালয় কোনো ভুমিকা রাখতে পারবে না।”
মিরপুর বাংলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক পাশের পর ২০১১ সালের অগাস্টে উচ্চ শিক্ষার জন্য জর্জিয়ায় যান রাকিবুল ইসলাম। জর্জিয়ার রাজধানী তিবলিসের ২৫ কিলোমিটার দক্ষিণপূর্বের কেমো কার্টিল প্রদেশের রুস্তাভি শহরে থাকতেন তিনি। মৃত্যুর পর সেখানকার একটি হাসপাতালের হিমাগারে তার মরদেহ রাখা হয়েছে।
