তাণ্ডবের প্রতিবাদে চট্টগ্রামে পতাকা মিছিল
সারাদেশে জামায়াত-শিবিরের ভাংচুর ও তাণ্ডবের প্রতিবাদে চট্টগ্রামের গণজাগরণ মঞ্চের হাজার হাজার কর্মী পতাকা হাতে বিক্ষোভ মিছিল করেছে।
শনিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরের ‘গণজাগরণ মঞ্চ’ থেকে মিছিলটি বের হয়। এতে সংস্কৃতিকর্মী, বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক দলের কর্মীরা অংশ নেয়।
বিক্ষোভ মিছিলটি নগরীর চেরাগী পাহাড় মোড়, আন্দরকিল্লা, কোতয়ালী মোড়, নিউ মার্কেট, শহীদ মিনার, নন্দনকানন ও ডিসি হিল এলাকা প্রদক্ষিণ করে আবার গণজাগরণ মঞ্চে ফিরে আসে।
গণজাগরণ মঞ্চ থেকে রোববারের হরতাল প্রহিতহ করার ঘোষণাও দেয়া হয়। এ দিন চট্টগ্রামে হরতাল বিরোধী মিছিল করা হবে বলেও আন্দোলনকারীরা জানান।
শুক্রবার জুমার নামাজ শেষে নগরীর আন্দরকিল্লা মোড়ে জামায়াত-শিবিরের নেতৃত্বে কয়েকটি ইসলামি সংগঠন সাংবাদিকদের ওপর হামলার করে।
পরে তারা মিছিল নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাব এবং গণজাগরণ মঞ্চ ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
জুমার নামাজের পর একই সময় দেশের বিভিন্ন এলাকায় গণজাগরণ মঞ্চে হামলা, শহীদ মিনার ও জাতীয় পতাকার অগ্নিসংযোগ করা হয়।
শুক্রবারের ওই তাণ্ডবের পর দৃপ্তকন্ঠে নতুন শ্লোগানে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ মুখরিত হয়ে উঠে।
মঞ্চ থেকে বক্তারা বলেন, সব যুদ্ধাপরাধীদের ফাঁসি দিতে হবে। ধর্মকে ব্যবহার করে একাত্তরের মতো জামায়াত-শিবির আবারও দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।
শহীদ মিনার ও গণজাগরণ মঞ্চে অগ্নিসংযোগ, জাতীয় পতাকা ছিড়ে ফেলা, চট্টগ্রামের প্রেসক্লাব ও সাংবাদিকদের ওপর হামলাকারী জামায়াত-শিবিরের বিচারের দাবি জানানো হয় মঞ্চ থেকে।
এ সময় জাতীয় পতাকা ছিড়ে ফেলা ও শহীদ মিনারে হামলার জবাব চেয়ে ‘জয় বাংলা’র পাশাপাশি নতুন স্লোগান তোলা হয়- ‘আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ’, ‘সোনার বাংলা সোনার দেশ, জামায়াত-শিবির করলি শেষ’, ‘ইসলামের আইনে, জঙ্গীবাদের ঠাই নাই’।
