২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতা: জেলায় জেলায় জামায়াতবিরোধী বিক্ষোভ

জাতীয় পতাকার অবমাননা, শহীদ মিনার ও গণজাগরণ মঞ্চ ভাঙচুর-অগ্নসিংযোগ এবং সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে শনিবার জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 01:09 PM

Updated : 13 Oct 2022, 02:48 PM

শুক্রবার জুমার নামাজের পর ইসলামী ও সমমনা ১২টি দলের ব্যানারে সারাদেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে গণজাগরণ মঞ্চবিরোধীরা।

এসব ইসলামী দলের ব্যানারে জামায়াত-শিবির এই সহিংসতা চালিয়েছে বলে পুলিশ দাবি করেছে।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ:

জামালপুর: বিকালে জামালপুর শহরে জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিকুল ইসলাম খোকার নেতৃত্বে মিছিলটি গনজাগরণ মঞ্চ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় গনজাগরণ মঞ্চে গিয়ে শেষ হয়।

খুলনা: একাত্তরের মানবতাবিরোধী সব অপরাধীদের ফাঁসির দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা জাতীয় পতাকা নিয়ে মিছিল করেছেন।

বিকাল তিনটায় কুয়েট অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। তারা শহীদ মিনারে হামলা, জাতীয় পতাকা অবমাননাকারীদের কঠোর শাস্তি এবং একাত্তরের মানবতাবিরোধী সব অপরাধীদের ফাঁসির দানি করেন।

কুড়িগ্রাম: দেশব্যাপী নৈরাজ্য ও ধংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদ এবং জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বিকালে নতুন প্রজন্মের জাগরণ মঞ্চ থেকে পতাকা মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে স্থাপিত জাগরণ মঞ্চে এসে শেষ হয়।

এরপর সেখানে সংক্ষিপ্তম সমাবেশ করা হয়। পরে নতুন প্রজন্মের জাগরণ মঞ্চে রাজাকারদের ফাঁসির দাবিতে বিভিন্ন শ্লোগান ও গণসংগীত পরিবেশন করা হয়।

নোয়াখালী: নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

সকাল ১১টার দিকে দলীয় কাযঅলয় থেকে বাসদ নেতাকর্মীরা জেলা শহরে মিছিল করেন।

তারা জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।

সিলেট: সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট সম্মিলিত নাট্যপরিষদ ।

বেলা ২টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা।

এদিকে বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাগরণ মঞ্চে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। তারা নানা শ্লোগানে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানান। তারা জামায়াত-শিবিরেরও কর্মীদেরও শাস্তির দাবি করেন।

ফরিদপুর: বিকালে জেলা শহরে জাতীয় পতাকা মিছিল করেছে মুক্তিযোদ্ধা-জনতা ও সংস্কৃতিকর্মীরা।

শহরের ইমাউদ্দিন স্কয়ার থেকে মিছিলটি বের হয়ে মুজিব সড়ক হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে আবার একইস্থানে ফিরে আসে।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিকর্মীরা বক্তব্য দেন।

পরে একইস্থানে ১৪ দলের সমাবেশ অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ: বেলা ৩টায় গোপালগঞ্জে লঞ্চঘাট এলাকায় প্রজন্ম মঞ্চ থেকে পতাকা মিছিল শুরু হয়। এতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

নেত্রকোনা: বিকালে নেত্রকোনায় পতাকা মিছিল হয়েছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে শেষ হয়।

মিছিলকারীরা যুদ্ধাপরাধীদের ফাঁসি, জামায়াত শিবিরের তান্ডব, শহীদ মিনার ভাংচুর, সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।

রাজশাহী: বিকাল চারটার দিকে নগরীর আলুপট্টি বঙ্গবন্ধু চত্ত্বরের গণজাগরণ মঞ্চ থেকে মিছিল বের করা হয়। মিছিলে যুক্তিযোদ্ধাসহ যুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

মিছিল থেকে জাতীয় পতাকার অবমাননা ও শহীদ মিনারে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।